• তৃণমূলের প্রধানের বাড়িতে ডিম-বৃষ্টি, নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ অব্যাহত
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • এই সময়, জামালদহ: 'সানডে ইয়া মনডে, রোজ খাও আন্ডে'। জনপ্রিয় এই বিজ্ঞাপনী স্লোগানকে অনায়েসেই পাল্টে বলা যেতে পারে, 'সানডে ইয়া মনডে, রোজ ছোড়ো আন্ডে'। শহরের পরে এ বার গ্রামেও 'ডিম সংস্কৃতি'র দেখা মিলল। বুধবার সকালে কোচবিহারের জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন মহিলা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে ডিম ছুড়ে বিক্ষোভ দেখান। তাঁর পদত্যাগের দাবি করেন।

    তাঁদের অভিযোগ, গত দু'মাস ধরে জামালদহের পঞ্চায়েত প্রধান গীতা বর্মন দপ্তরে যাচ্ছেন না। ফলে পরিষেবা লাটে উঠেছে। পাশাপাশি প্রচুর মানুষের নাম ইচ্ছাকৃত ভাবে জব কার্ড থেকে বাদ দিয়েছেন। বিক্ষোভকারী অনন্যা দে বলেন, 'আমাদের না জানিয়ে জব কার্ড বাতিল করে দিয়েছেন প্রধান। গত ২০ দিন ধরে মহিলা সঙ্ঘের দপ্তর বন্ধ হয়ে রয়েছে। যার ফলে মহিলারা লোন নিতে পারছেন না। দু'মাস ধরে তিনি পঞ্চায়েত দপ্তরে যাচ্ছেন না। ফলে নাগরিকরা পরিষেবা - থেকে বঞ্চিত হচ্ছেন।' এ সবের

    প্রতিবাদেই এ দিন প্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানান তিনি। গ্রামবাসীদের বক্তব্য, তাঁরা আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিবাদ জানাতেই ডিম ছুড়েছেন।

    এ দিকে বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হতেই পুলিশকে ফোন করেন গীতা। খবর পেয়ে জামালদহ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে প্রধান বলেন, 'বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ। তাই পঞ্চায়েত দপ্তরে যেতে পারছি না। একটু সুস্থ হলেই ফের দপ্তরে যাব। তার পরে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেব।'

  • Link to this news (এই সময়)