• তৃণমূলের নেত্রী পেলেন ৩ হাজার, অন্নপূর্ণা যোজনায় ভাতা প্রদান
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • এই সময়, বালুরঘাট: প্রকল্পে ভাতা দেওয়া শুরু হতেই সেই তালিকায় নাম উঠল তৃণমূলের জেলা স্তরের নেত্রীর। প্রথম দিনেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেলেন দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম। এই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতিতে। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বুধবার শুরু হয় অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়ার প্রক্রিয়া।

    বুধবার জেলার আটটি ব্লক ও তিন পুরসভাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১১০০ জনের হাতে অন্নপূর্ণা যোজনার প্রতীকী অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকার বাসিন্দা স্নেহলতা প্রথম দিনই তিন হাজার টাকা পেয়েছেন। তাঁর স্বামী পেশায় কৃষক।

    এ বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, 'বিজেপি যে কথা দেয় সে কথা রাখে। তা আবারও প্রমাণিত হল। আমাদের সরকারের অন্নপূর্ণা যোজনার প্রথম দিনেই টাকা পেলেন মহিলা তৃণমূল নেত্রী। ওঁরা তো এক মাস আগে ভোটের সময়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যে প্রচার চালিয়েছিলেন।'

    এ বিষয়ে স্নেহলতা বলেন, 'আমাদের সময়েও লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো। দুয়ারে সরকারে বিজেপি কর্মী-সমর্থকরাই সব থেকে বেশি ভিড় করতেন। সেই সময় তো আমরা রং না দেখেই সকলকে টাকা দিয়েছি। এটাও সরকারি টাকা। আমি পাওয়ার উপযুক্ত, তাই পেয়েছি।'

  • Link to this news (এই সময়)