পাটনা: বয়সের ভারে ন্যুব্জ ৮৫ বছরের দীপা রাই। বিহারের বৈশালী আদালতে দু’জনের কাঁধে ভর দিয়ে নুইয়ে পড়া শরীরে নিয়ে কোনোক্রমে পৌঁছন তিনি। ৩৪ বছরের একটি পুরানো খুনের মামলায় ওই বৃদ্ধ ছাড়াও আরও চারজনকে দোষী সাব্যস্ত করে আদালত। দীপা রাইকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের সাজার মেয়াদ ১০ বছর। আদালত চত্বরে অশীতিপর ওই বৃদ্ধের হেঁটে আসার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। সমাজ মাধ্যমে তা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন অসুস্থ বৃদ্ধকে কীভাবে কারাদণ্ড দেওয়া হল। এই ঘটনায় দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। তাঁর আবেদন, দীপা রাইয়ের বয়সের কথা মাথায় রেখে তাঁকে কারাবাসের সাজা থেকে অব্যাহতি দেওয়া হোক। এদিকে বিচারবিভাগীয় সূত্রে খবর, অশীতিপর দীপা রাইকে কারাদণ্ড দেওয়া হলেও তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।