• বালিতে তৃণমূল নেতা কৈলাশ মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল ও পুলিশের হানা
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালির তৃণমূল নেতা তথা এবার বিধানসভা নির্বাচনে ঘাসফুলের প্রার্থী কৈলাশ মিশ্রকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। তাঁর অফিসে হানা দিল ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ ও পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালানো ওই অভিযানে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়ার অগ্রসেন স্ট্রিটের একটি আবাসনে বসবাস করেন কৈলাশ মিশ্র। ওই আবাসনেই তাঁর একটি ব্যক্তিগত অফিস রয়েছে। ড্রাগ কন্ট্রোলের কাছে ওষুধের ব্যবসাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ জমা পড়ার পর মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ওই অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের সঙ্গে ছিল বেলুড় থানার পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, কৈলাশ মিশ্রর ভাই বিশাল মিশ্র ওষুধের পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, সেই ব্যবসার আড়ালে অবৈধভাবে ওষুধ কেনাবেচা চলছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পরপর দু’দিন সংশ্লিষ্ট অফিসে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির সময় একাধিক বাক্সে প্রচুর পরিমাণ জাল ওষুধ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষ। অভিযানের সময় কৈলাশ মিশ্র বা তাঁর ভাই বিশাল মিশ্র, কাউকেই সেখানে পাওয়া যায়নি। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কি না, সে বিষয়ে তদন্তকারীরা মুখ খুলতে চাননি। তবে পুলিশ সূত্রে খবর, কৈলাশ মিশ্রর নামে বেলুড় থানা সহ একাধিক থানায় ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। বর্তমান তদন্তের সঙ্গে সেই অভিযোগগুলির কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, কৈলাশ মিশ্রর অফিসে ড্রাগ কন্ট্রোল ও পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই আবাসনের সামনে ভিড় জমে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপির কর্মী-সমর্থক এবং কয়েকজন নেতাকেও উপস্থিত থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
  • Link to this news (বর্তমান)