• সল্টলেকে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের ‘এ ই’ ব্লকে দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সেই বাড়ির ভাড়া সংক্রান্ত বিষয়ে বুধবার গণ্ডগোল বাধে বাড়ির মালকিন এবং তাঁর মেয়ের সঙ্গে। অভিযোগ, প্রভাব খাটিয়ে তিনি থাকছিলেন। উঠে যেতে বললেও বাড়ি ছাড়েননি। তা নিয়ে বলতে গেলে এদিন জয়প্রকাশবাবু মালকিনের মেয়েকে মারধর করেন। শ্লীলতাহানি করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। গণ্ডগোলের খবর পেয়ে বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে প্রিভেন্টিভ অ্যা঩রেস্ট করে থানায় নিয়ে আসে। অভিযোগ দায়ের হওয়ার পর শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা, মারধর সহ একাধিক অভিযোগের ধারা যুক্ত করে মামলা করে। পুলিশ জানিয়েছে, মালকিনের মেয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি পুলিশের কাছে উল্লেখ করেন, জয়প্রকাশ মজুমদার পূর্বতন শাসকদলের নাম করে ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের বাড়ির অংশ জোরপূর্বক দখল করে রেখেছেন। অন্যদিকে বুধবার দুপুর দু’টোর সময় জয়প্রকাশবাবু অভিযোগকারিণীকে তাঁর বাড়ির অংশ (ফ্ল্যাট) বুঝিয়ে দেওয়ার জন্য ডাকেন। অভিযোগকারিণী প্রায় ২৮-৩০ লক্ষ টাকা বকেয়া ভাড়ার কথা তোলেন। যা নাকি পরিশোধ করা হয়নি। সেই টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেন। তখনই জয়প্রকাশ অভিযোগকারিণী ও তাঁর মায়ের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন। অভিযোগকারিণীকে ধাক্কা দেন। মারধর এবং তাঁর শ্লীলতাহানি করেন। এর ফলে মহিলা রাস্তায় পড়ে যান। স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে।

    পুলিশ জানিয়েছে, জয়প্রকাশবাবুকে প্রিভেন্টিভ অ্যারেস্ট তথা বিএনএসএসের ১৭০ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে লিখিত অভিযোগ পাওয়ার পর বিএনএসের ৭৪, ৩১৮ (৪), ৩২৯(৪), ৩০৮(২) এবং ১১৫(২) ধারা যুক্ত হয়। গ্রেপ্তার হওয়ার পর জয়প্রকাশবাবু পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি বৈধভাবেই বাড়ি ভাড়া নিয়েছিলেন। নিয়মিত ভাড়াও দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)