• কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের বিরুদ্ধে পড়ুয়াদের মানববন্ধন
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিট কফি হাউজের সামনে যে দোকানগুলিকে রয়েছে তাদের কি উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে? এই প্রশ্নে এখন তোলপাড় কলকাতা। উঠে যাওয়ার নির্দেশ মৌখিকভাবে দেওয়া হয়েছে বলে জানান বই বিক্রেতাদের একাংশ। এই পরিস্থিতির বিরোধিতা করে বুধবার দুপুরে কলেজ স্ট্রিটে একদল পড়ুয়া মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে উপস্থিত ছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিত্সক অনিকেত মাহাত। এছাড়া উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করে এসইউসিআই। বিকেলে সিপিএম একটি প্রতিবাদ সভা করে। এই দুই কর্মসূচি থেকেই বইপাড়া বাঁচানোর দাবি উঠেছে। কফি হাউজের সামনে অস্থায়ী দোকান অভিষেক সাহা নামে এক বিক্রেতার। তিনি বলেন, ‘ইদের দিন কয়েকজন এসে মৌখিকভাবে উঠে যেতে বলেছেন। কিন্তু কোনো লিখিত নির্দেশ দেননি। ওঁরা কর্পোরেশনের লোক বলে পরিচয় দিয়েছিলেন।’ তিনি জানান, সকালের দিকে এসেছিলেন ওঁরা। একটা কাগজে দোকানের নম্বর লিখে নিয়ে গিয়েছেন। ওই এলাকার অন্যান্য বিক্রেতারা বলেন, ‘আমরাও শুনেছি লোকজন এসে এরকম বলে গিয়েছেন।’ ফুটপাতের একপাশে বসা বিক্রেতারা বলেন, ‘আমরা তো কর্পোরেশন অনুমোদিত। আমাদের কেউ এসে কিছু বলেনি।’ কয়েকজন বিক্রেতার বক্তব্য, কফি হাউজের সামনের দোকানগুলিকে বললেও পাশের রাস্তার দোকানদারদের কিছু বলেননি। 

    এদিন বিকেলে কলেজ স্ট্রিট কফি হাউজের সামনে সভা করে সিপিএম। এরপর দলের জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির তরফে কলকাতা কর্পোরেশনের বরো ৫–এর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরেই মৌখিক নোটিসের কথা জানা যাচ্ছে। বিষয়টি সঠিক হলে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে বইপাড়ায় কোনো উচ্ছেদ করা যাবে না। এদিন মানববন্ধনে অংশ নিয়ে চিকিত্সক অনিকেত মাহাত বলেন, ‘ঐতিহ্যমণ্ডিত কলেজ স্ট্রিট যেমন ছিল তেমনই থাকুক। আমরা এটাই চাই।’ এর সঙ্গে আলাদাভাবে সভা করে প্রতিবাদে সামিল হয় সিপিএম। সেখানে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, ‘কলেজ স্ট্রিটে আক্রমণ মানে তো বাংলার সংস্কৃতির মূলে কুঠারাঘাত। এশিয়ার বৃহত্তম বইপাড়া। একসময় কলেজ স্ট্রিটে এরকম একটা উচ্ছেদের আবহ তৈরি হয়েছিল। তখন সুনীতিকুমার চট্টোপাধ্যায় সরকারকে চিঠি লিখেছিলেন। সরকারের কোনো প্রকল্প থাকলে সবার আগে সেসব নিয়ে আলোচনা হওয়ার দরকার।’ প্রসঙ্গত এদিন বাঘাযতীন স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে মিছিল করে সিপিএম, এসইউসিআই। এই ইস্যুতেই সিপিআই আমহার্স্ট স্ট্রিট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করেছে।
  • Link to this news (বর্তমান)