কলকাতা পুরসভার মাসিক বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন, নির্দেশ হাইকোর্টের
বর্তমান | ০৪ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার মাসিক বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন মালা রায়। পুর আইন মেনেই ওই বৈঠক ডাকা যাবে। বুধবার এক নির্দেশে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
রাজ্যে পালাবদলের আঁচ এসে পড়েছে কলকাতা পুরসভাতেও। দিন কয়েক আগে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল পুরভবনে। অভিযোগ, চেয়ারপার্সন অধিবেশন ডাকলেও কমিশনারের নির্দেশে সচিব ঘর খুলে দেননি। সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা হয়েছিল হাইকোর্টে। বুধবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পুরসভার চেয়ারপার্সন মালা রায় পুর আইন মেনেই মাসিক বৈঠক ডাকতে পারবেন। গত ২২ মে পুরসভার যে মাসিক বৈঠক হয়েছে, তার বৈধ রেজলিউশনের কপি হলফনামা আকারে ৯ জুনের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। ১৭ জুন এই মামলার পরবর্তী শুনানি।
এদিন শুনানিতে, মালা রায়ের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীর বক্তব্য, ‘চেয়ারপার্সন আইন মেনেই বৈঠক ডেকেছিলেন এবং সেখানে কিছু প্রস্তাবও গৃহীত হয়। ১৯৮৪ সালের পুর আইন অনুযায়ী বৈঠক ডাকা সহ অন্যান্য কাজের দায়িত্ব চেয়ারপার্সনের। সেখানে সচিবের কোনো ভূমিকা নেই। সচিবের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্তের কোনো বৈধতা নেই।’
কলকাতা পুরসভার আইনজীবীর পালটা বক্তব্য, ‘২২ মে কোনো মাসিক বৈঠক হয়নি। মালা রায় যে প্রস্তাবনার কথা বলছেন, তা তিনি ব্যক্তিগতভাবে প্রস্তুত করেছেন।’ সবপক্ষের বক্তব্য শোনার পর আদালতের নির্দেশ, পুর আইন অনুযায়ী চেয়ারপার্সন বৈঠক বা অধিবেশন ডাকতে পারবেন । গত ২২ মে চেয়ারপার্সন মালা রায় বৈঠক ডেকেছিলেন। সেদিন তৃণমূলের কাউন্সিলাররা এলেও অধিবেশন কক্ষের দরজা তালাবন্ধ থাকে। ভিতরেই ঢুকতে পারেননি কাউন্সিলররা। মালা রায় বাধ্য হয়েই কাউন্সিলারদের নিয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা করেন। মেয়র ফিরহাদ হাকিমও ওই দিন কলকাতা পুরসভায় উপস্থিত ছিলেন।