• নতুন সাজে সাজছে বিমানবন্দর
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য বিভিন্ন পর্যায়ে অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টার্মিনাল এরিয়ার পরিধিও বাড়ানো হয়েছে।

    টার্মিনাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ অংশে ৯৬৬ বর্গমিটার এলাকা নতুন করে চালু করা হয়েছে। এই অংশে যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে সুবিধার জন্য একাধিক গেট তৈরি করা হয়েছে। বসার জন্য অতিরিক্ত আসনেরও ব্যবস্থা করা হয়েছে। নতুন এই এলাকার জন্য অভ্যন্তরীন ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রের বিমান যাত্রীদের অনেকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ডিপার্চার অংশটির এলাকা প্রায় ৩ হাজার বর্গমিটার বাড়ানো হচ্ছে। এর ফলে ইমিগ্রেশন, কাস্টমস ও সিকিওরিটি চেক ইনের ব্যবস্থা নতুন জায়গায় সরিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে। কলকাতায় আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করার জন্য এই উদ্যোগ। নতুন তৈরি হওয়া কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কোনো বিমানযাত্রী মাদক বা অবৈধ সামগ্রী নিয়ে যেতে পারবেন না। আন্তর্জাতিক বিভাগের একটি বর্ধিত অংশ খুব শীঘ্রই চালু হতে চলেছে বলে খবর। এর ফলে আন্তর্জাতিক সিকিউরিটি হোল্ড এরিয়ার ভেতরে অনেকটাই জায়গা ফাঁকা হবে। যার ফলে যাত্রীদের সুবিধাই হবে।

    পরিকাঠামোগত এই বিষয়গুলো উন্নত হওয়ার ফলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন ক্ষমতা ২ কোটি ৬০ লক্ষ থেকে বেড়ে ২ কোটি ৮০ লক্ষতে পৌঁছাবে। প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে অভ্যন্তরীন ফ্লাইট এসেছে ১৪৫টি। যাত্রী ছিলেন ২২ হাজার ৯৬৪ জন। অভ্যন্তরীন ফ্লাইট গিয়েছে ১৪৯টি। যাত্রী ছিলেন ২৫ হাজার ৪৫১ জন। আন্তর্জাতিক ফ্লাইট এসেছে ২২টি। যাত্রী সংখ্যা ২ হাজার ৯৩৮। আন্তর্জাতিক ফ্লাইট গিয়েছে ২২টি। সেখানে যাত্রী সংখ্যা ছিল ৩ হাজার ১৬৭।
  • Link to this news (বর্তমান)