এক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার গ্রেপ্তার হলেন। ধৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার।
পুলিশ সূত্রে খবর, পূর্ব পুঁটিয়ারির এক মহিলা বিশ্বজিতের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার অভিযোগ, ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গাপুরী স্কুলের কাছে অভিযুক্ত তাঁকে মারধর এবং তাঁর শ্লীলতাহানি করেছিলেন বিশ্বজিৎ। তার পরে এ বছর রাজ্যে পালাবদলের পরে গত ৯ মে-ও মহিলাকে অভিযুক্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার পরেই গত ১ জুন থানায় বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা।
বিধানসভা ভোট মেটার পরে রাজ্যু জুড়ে একের পর এক তৃণমূলের নেতা-জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হয়েছেন হুমকি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে। কলকাতা পুরসভারও একাধিক কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন। গত ২ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিং। বুধবার গ্রেপ্তার হয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশকুমার শর্মাও। তাঁকেও তোলাবাজি ও হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়।
তার আগে গত ২৩ মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে। তিনি কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৬ নম্বর বরোর চেয়ারম্যান।