শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে আটক করল এনআইএ৷ ভোটের আগে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা়র তদন্তে বৃহস্পতিবার সাত সকালেই রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল এনআইএ-র বিশেষ দল৷ যদিও সূত্রের খবর, এদিন বাড়িতে ছিলেন না শওকত মোল্লা৷ পরে তাঁর ছেলে ইমরানকে নিয়ে শওকতের খোঁজে এলাকার বিভিন্ন জায়গায় যান তদন্তকারীরা। যাওয়া হয় ইমরানের ক্যাফে অরণ্যতেও। পরে তাঁকে আটক করা হয় বলে জানা যায়।
ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় এদিনের এনআইএ অভিযান বলে সূত্রের খবর। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে সেই বিস্ফোরণ ঘটে। গত ১৮ মার্চ গভীর রাতে বিস্ফোরণে মারা যান ১ জন। সেই তদন্তেই প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে NIA বলে সূত্রের খবর।
দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকায় বিধানসভা নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে বিষ্ফোরণে মৃত্যু হয় দেগঙ্গা থানার গাংনীয়া গ্ৰামের তৃণমূলের বুথ সভাপতি মসিউর রহমানের। মসিউর রহমানের ছিন্নভিন্ন মৃতদেহ হাড়োয়া এলাকার একটি মেছো ভেরির পাশ থেকে উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। ঘটনার তদন্তভার নেয় এনআইএ।
তদন্তে উঠে আসে মসিউর ছাড়া উপস্থিত ছিল মসিউর রহমানের পাড়ার বাসিন্দা সুজয় মন্ডল এবং কাবির মোল্লা।ঘটনার কয়েকদিন পরে আহত অবস্থায় সুজয় মন্ডলকে গ্ৰেফতার হয়। খোঁজ পাওয়া যায়নি অন্য অভিযুক্ত কাবির মোল্লার। মঙ্গলবার সাত সকালে এন আই এর তিনটি দল পৃথক ভাবে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছে এন আই এ আধিকারিকরা। সাথে আছে কেন্দ্রীয় বাহিনী ও দেগঙ্গা থানার পুলিশ।
প্রথমে বাড়িতে ঢুকতে বাধা পেলেও পরে জীবনতলার বাড়িতে ঢুকতে পারেন শওকত মোল্লার স্ত্রী ও মেয়ে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে এনাইএ বেরিয়ে পড়ে বিভিন্ন এলাকায়। গাড়িতেও চালানো হয় তল্লাশি।
অন্যদিকে, এদিন শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালানোর পরে শওকতের ছেলেকে নিয়ে একটি ক্যাফেতে যান এনআইএ তদন্তকারীরা৷ নাম ‘ক্যাফে অরণ্যের কূলে’৷ শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার আলিশান ক্যাফে। চারদিকে ভেরি তার মাঝে ক্যাফে৷ শওকত মোল্লার খোঁজেই তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে এখানে পৌঁছয় NIA-র আধিকারিকেরা৷ পরে তাঁকে আটক করা হয়৷
বিস্ফোরণের ঘটনার রাতে সাহারুল মোল্লা নামে এক গাড়ি চালক সাহায্য করেছিল। ওইদুল ইসলামের বাড়িতে NIA টিম যেমন এসেছে তারই পাশাপাশি, সাহারুল ইসলামের বাড়িতেও NIA তদন্তকারী অফিসাররা যায় বলে জানা গিয়েছে।