• বরণডালা হাতে দরজায় দাঁড়িয়ে শাশুড়ি! মন্ত্রী কলিতা মাজির বাড়ি ফেরা হয়ে গেল বিজয় মিছিল
    News18 বাংলা | ০৪ জুন ২০২৬
  • বাড়ি বাড়ি করতেন পরিচারিকার কাজ৷ সেই লড়াই পেরিয়ে আজ তিনি মন্ত্রিসভায়৷ গুসকরায় উষ্ণ সংবর্ধনা পেলেন প্রতিমন্ত্রী কলিতা মাজি। কয়েক বছর আগেও সংসারের হাল ধরতে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সকালে দু’টি বাড়িতে কাজ সেরে বিকেলে বেরিয়ে পড়তেন দলের প্রচারে। হাতে ছিল না টাকা পয়সা, ছিল না কোনও রাজনৈতিক বংশপরিচয়ের সুবিধা। ছিল শুধু কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং মানুষের আস্থা। সেই কলিতা মাজিই আজ পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী।

    মন্ত্রিসভায় শপথ নেওয়ার পরে প্রথমবার নিজের বাড়ি পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরায় পৌঁছতেই তাঁকে ঘিরে দেখা গেল উৎসবের আবহ। বুধবার লালবাতি লাগানো সরকারি গাড়ি গুসকরার নদীপটির দলীয় কার্যালয়ের সামনে পৌঁছতেই হাজার হাজার কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা ফুল-মালা নিয়ে তাঁকে স্বাগত জানান।

    আরও পড়ুন : ১০ জন মৃত, কমপক্ষে ১৫ জন অসুস্থ! বিহারের মুজফপরপুরে হাসপাতালের ICU-তে আগুন

    গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে প্রবেশের আগে মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় প্রতিমন্ত্রীকে। এরপর দলীয় কর্মীরা ফুলের তোড়া ও মালা পরিয়ে তাঁকে সংবর্ধনা জানান। কার্যালয়ে কিছুক্ষণ কাটানোর পর বাজনা ও উচ্ছ্বসিত স্লোগানের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে পায়ে হেঁটে রওনা দেন তিনি।

    রটন্তী কালীতলা হয়ে নিজের বাড়ির পথে এগিয়ে যান কলিতা মাজি। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও তাঁকে শুভেচ্ছা জানান। এলাকায় কার্যত বিজয় মিছিলের আবহ তৈরি হয়।

    এদিকে, বাড়িতে তখন অপেক্ষা করছিল আরও এক আবেগঘন মুহূর্ত। বিকেল থেকেই বরণডালা হাতে দাঁড়িয়ে ছিলেন তাঁর শাশুড়ি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি পৌঁছতেই হাসিমুখে বরণ করে নেন পরিবারের নতুন মন্ত্রীকে। সেই মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও।

    আরও পড়ুন : অরূপ-শুভাশিসদের পরে এবার বিধানসভা সই বিতর্কে আরও এক বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহে তৎপর CID

    পরিচারিকার কাজ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নেওয়ার এই যাত্রাপথ অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প। গুসকরার সাধারণ মানুষের দাবি, কলিতা মাজির এই সাফল্য প্রমাণ করে যে নিষ্ঠা, পরিশ্রম এবং মানুষের আশীর্বাদ থাকলে জীবনের কঠিন পথও জয় করা সম্ভব।
  • Link to this news (News18 বাংলা)