• শওকত মোল্লার বাড়িতে হানা এনআইএ-র
    দৈনিক স্টেটসম্যান | ০৪ জুন ২০২৬
  • প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে পৌঁছন এনআইএ-র একটি দল। এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। শওকতের বাড়ির পাশাপাশি তাঁর বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়েও তল্লাশি চালান তদন্তকারীরা।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না শওকত মোল্লা। তবে তাঁর ছেলে ইমরান মোল্লাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকেরা। বাড়িতে উপস্থিত ছিলেন শওকতের স্ত্রী ও কন্যাও। পাশাপাশি মৌখালিতে অবস্থিত ইমরান মোল্লার একটি ক্যাফেতেও যান তদন্তকারীরা এবং সেখানে খোঁজখবর নেন।

    এনআইএ সূত্রে খবর, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ মামলার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ওই বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং বেশ কয়েক জন আহত হয়েছিলেন। ঘটনাটি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর পক্ষ থেকে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানানো হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সরকার মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেয়।

    এর আগে এই বোমা বিস্ফোরণ মামলার তদন্তে তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই তদন্তের ধারাবাহিকতাতেই এবার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    শওকত মোল্লা ক্যানিং পূর্ব কেন্দ্রের দু’বারের তৃণমূল বিধায়ক। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির কাছে পরাজিত হন। নির্বাচনে হারের পর থেকে তাঁকে রাজনৈতিক ময়দানে খুব একটা সক্রিয় দেখা যায়নি।

    তবে বুধবার রাজ্য বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর শওকতকে বিধানসভায় দেখা যায়। সেখানে তিনি ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎও করেন। তার ঠিক একদিনের মাথায় তাঁর বাড়িতে এনআইএ-র তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)