এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে কোচবিহারের দিনহাটায়। বুধবার সন্ধ্যায় দিনহাটার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পাটক্ষেত থেকে তার দেহ উদ্ধার করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করে তার পরনে থাকা লেগিংসই গলায় জড়িয়ে খুন করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, একটি খুনের ঘটনা ঘটেছে। তবে ধর্ষণের অভিযোগ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। সকাল থেকে দুপুর এমনকী বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি সে। এরপর সন্ধ্যা নামতেই তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। সন্ধ্যার সময় স্থানীয় একটি পাটক্ষেত থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করা হয়। সেই সময় তাঁর গলায় একটি লেগিংস জড়ানো ছিল। নিখোঁজের সময় নাবালিকা ওই লেগিংসটি পরেছিল বলে দাবি করা হচ্ছে। তার পরনের লেগিংস দিয়েই তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০ টা থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বিকেল পর্যন্ত তার খোঁজ না পেয়ে পাটক্ষেতে যান পরিবারের সদস্যরা। সেখান থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।