নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
প্রতিদিন | ০৪ জুন ২০২৬
‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশের পরদিনই বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বিধায়ক সন্দীপন সাহা ও তাঁর বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে পথে নামল গেরুয়া শিবির। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ, তোলাবাজির অভিযোগ তুলে এদিন এন্টালিতে একটি বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সন্দীপন ও স্বর্ণকমলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পথে নামে। একটি বিক্ষোভ মিছিল করে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে যান তাঁরা। তারপর সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। সন্দীপন ও তাঁর বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি অবৈধ নির্মাণ, কাটমানি ও তোলাবাজিরও অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। এরপরই এদিন তাঁদের বিরুদ্ধে পথে নামল গেরুয়া শিবির। সন্দীপন ও তাঁর ছেলের বিরুদ্ধে একাধিক পোস্টার ব্যানার নিয়ে মিছিল করেন বিজেপির কর্মী সমর্থকরা। সন্দীপনের ছবিতে জুতো মারতেও দেখা যায় এক বিজেপি কর্মীকে। বাড়ির সামনে ওঠে চোর চোর স্লোগান।
উল্লেখ্য, গতকালই বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। এই দলের ডেপুটি লিডার সন্দীপন সাহা-সহ ৪ জন। তৃণমূলের পরিষদীয় দলে প্রথম বেসুরো বিধায়ক হিসেবে ঋতব্রত ও সন্দীপনের নামই উঠে এসেছিল। সম্প্রতি তাঁদের বহিষ্কারও করেছে দল। কিন্তু তা সত্ত্বেও ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনের কথা জানিয়ে বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূলের এই বিদ্রোহী শিবির। নতুন তৃণমূল আত্মপ্রকাশে সন্দীপন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। গতকালের এই ঘটনার পরই আজ দুর্নীতির অভিযোগে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল বিজেপি। এবিষয়ে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা বিজেপি নেত্রী প্রিয়াঙ্ক টিব্রেওয়ালকে কটাক্ষ করেন। তিনি বলেন, হারের পর হাতাশা থেকেই এই সব কাজ করছেন তিনি।