• থ্রো-ইনে কাউন্টডাউন থেকে মুখ ঢাকলেই লাল কার্ড, বিশ্বকাপে নতুন নিয়ম লাগু ফিফার
    প্রতিদিন | ০৪ জুন ২০২৬
  • এবারের ফুটবল বিশ্বকাপে নয়া নিয়মের হুকুম জারি। চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি এই পরিবর্তনের ঘোষণা করেছে। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনার মতে, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সময় নষ্ট কমানো, খেলার গতি বৃদ্ধি এবং খেলোয়াড়-দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

    মুখ ঢাকা বারণ: উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিপক্ষের কোনও ফুটবলারের সামনে মুখে হাত বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বললে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। তবে বন্ধুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ ওঠার পরই এই নিয়ম চালু হচ্ছে।

    প্রতিবাদে মাঠ ছাড়লে লাল কার্ড: রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনও ফুটবলার মাঠ ছেড়ে চলে গেলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। কোনও কোচ বা দলের কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলেও শাস্তি হবে। এমন ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হলে সংশ্লিষ্ট দলকে পরাজিত বলে গণ্য করা হবে। সেনেগালের একটি বিতর্কিত ঘটনার পর এই নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    থ্রো-ইন ও গোল কিকে সময়সীমা: নতুন নিয়মে থ্রো-ইন ও গোল কিক নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। রেফারি পাঁচ সেকেন্ড কাউন্ট করবেন। এই সময়ের মধ্যে থ্রো করতে না পারলে বল প্রতিপক্ষের হাতে যাবে। একইভাবে গোল কিক নিতে দেরি হলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। এতে খেলার গতি বাড়বে।

    সাবস্টিটিউশন প্রটোকল: যে ফুটবলারকে বদলি করা হবে তাঁকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ের মধ্যে না তিনি বেরতে না পারলে বদলি ফুটবলার সঙ্গে সঙ্গে মাঠে ঢুকতে পারবেন না। মাঠের বাইরে তাঁকে অপেক্ষা করতে হবে। খেলা শুরুর পর এক মিনিট পর প্রথম স্টপেজে রেফারির সিগন্যাল পেলে তবেই তিনি নামতে পারবেন। তবে চোট বা নিরাপত্তাজনিত কারণে এই নিয়মে ছাড় থাকবে।

    অফফিল্ড ট্রিটমেন্ট: কোনও আউটফিল্ড খেলোয়াড়ের চিকিৎসার জন্য মেডিক্যাল স্টাফ মাঠে ঢুকলে তাঁকে এক মিনিট পর বেরতে হবে। তবে গোলরক্ষকের চোট কিংবা গুরুতর চোটের ক্ষেত্রে এই নিয়ম নয়।

    VAR-এর শক্তিবৃদ্ধি: আরও বেশি ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হবে। ভুল করে লাল কার্ড দেখানো, ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া বা ভুল কর্নার সিদ্ধান্ত হলে ভিএআর তা ঠিক করতে সাহায্য করবে। কর্নার বা ফ্রি-কিকের ঠিক আগে বক্সে কোনও ফাউল হলে ভিএআর হস্তক্ষেপে গোল বাতিলের সুপারিশ করতে পারবে। দরকার হলে রেফারি সিদ্ধান্ত বদলে আবার খেলা শুরু করাবেন। ছবি এআই দ্বারা নির্মিত।

    প্রতিটি অর্ধে জলপানের বিরতি: নতুন নিয়মে প্রতি অর্ধে একবার করে তিন মিনিটের জলপানের বিরতি থাকবে। সাধারণত ২২ মিনিটের কাছাকাছি সময়ে এই বিরতি নেওয়া হবে। তবে রেফারির হাতে সময় বদলের সুযোগ থাকবে। যেমন, ২০ মিনিটে কেউ চোট পেলে তখনই জল বিরতির নেওয়া হতে পারে। ছবি এআই দ্বারা নির্মিত।

    গোলরক্ষকের চোটে ‘টাইম আউট’ নিষিদ্ধ: গোলরক্ষক মাঠে চোট পেয়ে চিকিৎসা নিলে অন্য কোনও খেলোয়াড় মাঠ ছেড়ে বাইরে যেতে পারবেন না। এই সময় দুই দলের ফুটবলাররা কোচদের সঙ্গে আলাদা করে আলোচনা বা ‘টাইমআউট’ নিতে পারবেন না। খেলোয়াড়দের মাঠেই থাকতে হবে।
  • Link to this news (প্রতিদিন)