• বিনা পয়সার বাসযাত্রায় নারীদের দ্রুত ক্ষমতায়ন হবে
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • রেখা মোদী (প্রতিষ্ঠাতা, স্ত্রী শক্তি)

    মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য বা ক্ষমতায়ন, ইত্যাদি বিষয়ে এক সময়ে পথ দেখিয়েছিল এই বাংলা। আমরা বলি বাংলার মাটি মা কালীর মাটি। সারা দেশ জুড়ে আমাদের আন্দোলন মেয়েদের সার্বিক সুবিধে এবং সুরক্ষার দাবিতে। বর্তমানে নারীরা পরিবার, পেশা এবং গৃহস্থালি— এই তিন ধরনের চাপের মুখোমুখি।

    এই বাস্তবতায় বিনামূল্যে গণপরিবহণের সুবিধে তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০১৯-এ দিল্লিতে প্রথম এই ব্যবস্থা শুরু হয় আম আদমি পার্টি-র উদ্যোগে। মেয়েদের জন্য ফ্রি গোলাপি টিকিট। তার পর একে একে পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, হরিয়ানা (আংশিক), কর্নাটক, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ এবং অবশেষে নবম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে। আমরা এই গুরুত্বপূর্ণ কাজের জন্য নব-নির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানাই।

    ‘স্ত্রী শক্তি: দ্য প্যারালাল ফোর্স’ এবং 'উইমেন লিড'— আমরা একসঙ্গে কাজ করছি। আশা রাখি, ভবিষ্যতে একদিন সম্পূর্ণ দেশ জুড়ে মহিলাদের জন্য এই ফ্রি টিকিট ব্যবস্থা চালু হয়ে যাবে। আমাদের এই আন্দোলনের অভিমুখ সেই দিকেই। এর ইতিবাচক প্রভাব শহর ও গ্রামের অসংখ্য নারীর দৈনন্দিন জীবন, কর্মসংস্থান, শিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

    নিম্ন আয়ের পটভূমি থেকে আসা নারীরা তাদের বার্ষিক ব্যক্তিগত ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত পরিবহণ খাতে ব্যয় করে। ‘স্ত্রী শক্তি’-র হিসেব অনুযায়ী, বিনামূল্যে গণপরিবহণের সুবিধে নারীদের বছরে প্রায় ২৪ হাজার টাকা পর্যন্ত সাশ্রয়ে সাহায্য করতে পারে। এই সাশ্রয় তাদের জন্য আর্থিক স্বস্তির কারণ, যা পরবর্তী কালে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি এবং পারিবারিক কল্যাণ-সহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয় করা সম্ভব হবে। এটি নারীদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থার দাবিতে বিভিন্ন নারী সংগঠন ও গোষ্ঠীর দীর্ঘ দিনের আন্দোলনের সফল পরিণতিকেও চিহ্নিত করেছে।

    আমরা হিসেব করে দেখেছি এতে মেয়েদের প্রায় ২০-২৫ শতাংশ সেভিংস হবে। তারা এই অর্থটুকু নিজেদের অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারবে। আর এতে একটি বড় ভার লাঘব হবে পুরুষদের। একজন মহিলা নিজের ব্যক্তিগত খরচের জন্য কমবেশি ৩৫ হাজার টাকা ব্যয় করে প্রতি বছর।

    এর মধ্যে পোশাক, স্বাস্থ্য বা ওষুধপত্র, ঘর-গৃহস্থালি, বিনোদন বা অন্যান্য খরচ রয়েছে। কিন্তু এই ব্যবস্থার ফলে নিত্য যাতায়াতের খরচ থেকে প্রায় ২৪ হাজার টাকা সঞ্চয় হবে। আমরা এই উদ্যোগকে একটি যুগান্তকারী সমাজকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করছি। অনেকে বলছেন, রাস্তায় তো সরকারি বাসই নেই। আমরা বলছি, নতুন সরকার এসেছে, একটু ধৈর্য ধরুন, তিন মাস সময় দিন, সব বদলে যাবে।

    সাক্ষাৎকার: গোপী দে সরকার
  • Link to this news (এই সময়)