লাল হলুদের জল্পনায় ফিরল শ্রী সিমেন্ট, বিকল্প ভাবনা
এই সময় | ০৪ জুন ২০২৬
এই সময়: ইনভেস্টর ইমামি কি ইস্টবেঙ্গলের থেকে যাবে? এই আবহের মাঝেই সামনে এল নতুন খবর। ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ইনভেস্টর ‘শ্রী সিমেন্ট’ কি আবারও ফিরতে চলেছে? বুধবার রটে যায়, ‘শ্রী সিমেন্ট’–এর অফিসে গিয়ে দেখা করে এসেছেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।
সোশ্যাল মিডিয়ায় সংস্থার অফিসে দাঁড়িয়ে থাকা দেবব্রতর ছবিও ছড়িয়ে পড়ে। যদিও সন্ধেয় ক্লাব তাঁবুতে বসে দেবব্রত ঘটনাটি অস্বীকার করেছেন। উল্টে তিনি বলেন, ‘এখন পুরো পরিস্থিতি যে জায়গায় রয়েছে, কোনও কিছুই বলা যাবে না। ফেডারেশনের ক্যালেন্ডার স্পষ্ট না হওয়া পর্যন্ত আমাদের দিক থেকেও কোনও কিছু স্পষ্ট নয়।’
‘শ্রী সিমেন্ট’ কয়েক বছর আগে ইস্টবেঙ্গলের ইনভেস্টর ছিল। কিছুদিন হাত মিলিয়ে চলার পরেই দুই পক্ষের মধ্যে সমস্যা দেখা দেয়। বিভিন্ন অভিযোগ উঠেছিল। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, ইনভেস্টরদের লক্ষ্য ক্লাব দখল করে নেওয়া। আবার ইনভেস্টররা ক্লাবের কয়েকজনের দিকে আঙুল তুলেছিলেন। টিমের পারফরম্যান্সও সেই সময়ে ভালো ছিল না।
সব মিলিয়ে, ‘শ্রী সিমেন্ট’ আর থাকেনি। সেই জায়গায় এসেছিল ইমামি। যাদের সঙ্গে এ বার ক্লাব তাঁবুতে এসেছে প্রথমবার আইএসএল ট্রফি। কিন্তু, সেই ইমামিকে নিয়েও ধোঁয়াশা।