বিশ্বকাপে একটাও ম্যাচ মিসে নারাজ, ‘লাস্ট ড্যান্স’-এর আগে বিশেষ ট্রেনিং মেসির
এই সময় | ০৪ জুন ২০২৬
বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৯ দিন। এমন আবহে ফুটবলপ্রেমীদের চিন্তা বাড়িয়েছিলেন লিওনেল মেসি। MLS-এর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বিশ্বকাপের প্রাথমিক পর্বে তাঁর খেলা নিয়ে বাড়ছিল জল্পনা। তবে সব আশঙ্কার অবসান ঘটালেন মেসি নিজেই। আর্জেন্তিনা ফুটবল দলের অনুশীলনে একাই ট্রেনিং করতে দেখা গেল তাঁকে। ধীরে ধীরে বাড়াচ্ছেন ওয়ার্কলোডও। দিনে দু’টি করে বিশেষ সেশনে অংশ নিচ্ছেন তিনি, এমনটাও জানা গিয়েছে। এটাই যে কেরিয়ারের শেষ বিশ্বকাপ, তা আগেই জানিয়েছিলেন মেসি। তাই, ‘লাস্ট ড্যান্স’-এ জ্বলে উঠতে মরিয়া তিনি।
লিওনেল মেসির চোটের আপডেট
ইন্টার মায়ামির হয়ে খেলার সময়ে বাঁ পায়ের চোট পেয়েছিলেন মেসি। তবে আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, খুব একটা গুরুতর নয় এই ইনজুরি। সেই ইঙ্গিতই দিয়েছেন মেসি নিজে। গ্রুপের বাকিরা আলাদা ট্রেনিং করলেও মেসিকে দেখা যায় একা বিশেষ কিছু ড্রিলে অংশ নিতে। আর্জেন্তিনা দলের ফিটনেস কোচ লুইস মার্তিন এবং ফিজ়িওথেরাপিস্ট লুইস গার্সিয়া টানা নজর রেখেছেন মেসির উপরে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যাতে মেসি ফিট হয়ে উঠতে পারেন সেটাই এখন লক্ষ্য তাঁদের।
বিশেষ ট্রেনিং মেসির
আর্জেন্তিনার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেসি একটি বিশেষ রিকভারি প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছেন। দু’বার করে এই বিশেষ সেশনে অংশ নিচ্ছেন ৩৮ বছর বয়সি তারকা। ‘বিশ্রাম, সাবধানতার সঙ্গে রিহ্যাব, ধীরে ধীরে ওয়ার্কলোড বাড়ানো এবং ধৈর্য ধরা’— এই বিশেষ নিয়ম মেনেই এখন রিকভারি চালাচ্ছেন মেসি।
বিশ্বকাপের শুরু থেকে খেলবেন মেসি?
এখনও পর্যন্ত জানা গিয়েছে, ৬ জুন হন্ডুরাসের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই। আইসল্যান্ডের বিরুদ্ধে ৯ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণের জন্য নামানো হতে পারে মেসিকে। তবে ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজিরিয়ার বিরুদ্ধে যাতে সম্পূর্ণ ফিট হয়ে নামতে পারেন মেসি, সেটাই এখন পাখির চোখ তাঁর ও আর্জেন্তিনা টিম ম্যানেজমেন্টের।