• বিশ্বকাপ মাতাতে তৈরি চার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার
    বর্তমান | ০৪ জুন ২০২৬
  • নয়াদিল্লি: ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের এখন ১৩৬’এ। কয়েকদিন আগেই জিম্বাবোয়ের কাছে বশ মেনেছে খালিদ জামিলের ছেলেরা। অথচ আজও বিশ্বকাপে খেলার স্বপ্নে বিভোর আসমুদ্রহিমাচল। তবে আসন্ন বিশ্বকাপে দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ থাকছে তাদের সামনে। দীর্ঘ দু’দশক বাদে ফের কাপযুদ্ধের আসরে দেখা যাবে চার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে। এঁরা হলেন যথাক্রমে নিউজিল্যান্ডের সারপ্রীত সিং, কঙ্গোর স্যামুয়েল মুত্তুস্বামী, অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লে ও কাতারের তাহসিন মহম্মদ জামশিদ। উল্লেখ্য, ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে খেলার নজির গড়েছিলেন বিকাশ ধোরাসু। তারপর দীর্ঘ ২০ বছরের বিরতির পর আবারও বিশ্বকাপের আসরে দেখা যাবে এই চার ফুটবলারকে।

    ভারতীয় সার্কিটে অন্যতম পরিচিত মুখ সারপ্রীত সিং। ২০১৮ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে সুনীলদের বিরুদ্ধে কিউয়িদের হয়ে মাঠেও নেমেছিলেন এই ‘পাঞ্জাব কা পুত্তর’। গত কয়েক বছর নিউজিল্যান্ড জাতীয় দলে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। আসন্ন বিশ্বকাপেও ছাপ ফেলতে তৈরি ২৭ বছরের সারপ্রীত। অস্ট্রেলিয়ার নিশান আবার দীর্ঘদিন ধরে ‘এ’ লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। সেই সুবাদে আসন্ন বিশ্বকাপে জাতীয় দলের হয়ে ছাপ ফেলতে তৈরি তিনি। তাঁরও পারিবারিক সূত্রে ভারতের সঙ্গে যোগ রয়েছে।

    কাতারের তাহসিন আবার বাবা জামশিদের স্বপ্নপূরণ করতে ফুটবলে পা রেখেছিলেন। একটা সময় কোঝিকোড়ের কালিকট ইউনিভার্সিটির অন্যতম সফল ফুটবলার ছিলেন তাঁর বাবা। তবে পরবর্তী সময়ে পেশার তাগিদে কাতারে পাড়ি দেন তিনি। নিজের অধরা স্বপ্ন পূরণ করতেই ছেলেকে কাতারের অ্যাসপায়ার অ্যাকাডেমিতে ভরতি করেন জামশিদ। ২০২৪ সালে বিশ্বকাপের বাছাই পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটে তাহসিনের। অল্প সময়েই তিনি অন্যতম ভরসার মুখ হয়ে উঠেন। আসন্ন বিশ্বকাপেও কাতারের জার্সিতে ছাপ ফেলতে তৈরি ২০ বছরের এই তরুণ উইঙ্গার। অন্যদিকে, কঙ্গোর স্যামুয়েল মুত্তুস্বামী আবার ভারতীয় বংশোদ্ভূত হলেও ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা তামিল পরিবারের সন্তান। পরবর্তী সময়ে তিনি কঙ্গোয় চলে যান। সেখানেই ফুটবলার হওয়ার লড়াই চালান স্যামুয়েল। ইতিমধ্যেই দেশের জার্সিতে ৫৯টি ম্যাচ খেলেছেন তিনি। আর প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলতে চলা কঙ্গোর স্বপ্নপূরণের অন্যতম কারিগর এই ২৯ বছর বয়সি মিডিও। এবার মেগা আসরেও ছাপ ফেলতে তৈরি তিনি।
  • Link to this news (বর্তমান)