জেড ক্যাটাগরির নিরাপত্তা আর নয়, সৌরভের নিরাপত্তায় কাটছাঁট প্রশাসনের
eTV Bharat | ০৪ জুন ২০২৬
কলকাতা, 3 জুন: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা এবং প্রাক্তন মন্ত্রীদের নিরাপত্তায় ধাপে ধাপে কাটছাঁট শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। এবার সেই ভিআইপি নিরাপত্তার কাটছাঁটের তালিকায় যুক্ত হল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। নবান্ন সূত্রে খবর, প্রাক্তন এই ভারত অধিনায়কের সরকারি নিরাপত্তা এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন রাজ্য সরকারের তরফ থেকে তিনি 'জেড ক্যাটাগরি'র (Z Category) নিরাপত্তা পেতেন। তবে এবার প্রশাসনিক পর্যালোচনার পর তা এক ধাক্কায় কমিয়ে 'ওয়াই ক্যাটাগরি'তে (Y Category) নামিয়ে আনা হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাধারণত 'জেড ক্যাটাগরি'র নিরাপত্তায় অন্তত 35 জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন। এই নিশ্ছিদ্র বলয়ে রাজ্য পুলিশের সশস্ত্র কমান্ডোদের পাশাপাশি পাইলট কারের সুবিধাও দেওয়া হয়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত নিরাপত্তায় সর্বক্ষণ 8 থেকে 10 জন পুলিশকর্মী নিযুক্ত থাকতেন বলে জানা গিয়েছে। 2023 সালের মে মাসে রাজ্যের তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার প্রাক্তন অধিনায়কের নিরাপত্তা বাড়িয়ে 'জেড ক্যাটাগরি' করেছিল। তার আগে অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি 'ওয়াই ক্যাটাগরি'র নিরাপত্তাই পেতেন। সেই সময় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিনজন আধিকারিক তাঁর সুরক্ষার দায়িত্বে থাকতেন এবং বেহালার বাড়িতেও পুলিশি প্রহরার বিশেষ ব্যবস্থা ছিল। এবার সেই পুরনো ক্যাটাগরিতেই তাঁকে ফিরিয়ে নিয়ে গেল রাজ্যের বর্তমান প্রশাসন।
স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, বর্তমানে 'ওয়াই ক্যাটাগরি'র নিরাপত্তায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য 3 থেকে 4 জন নিরাপত্তারক্ষী বরাদ্দ করা হচ্ছে। এর মধ্যে দু'জন সশস্ত্র রক্ষী থাকবেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক স্তরে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, প্রয়োজনের অতিরিক্ত কোনও সরকারি নিরাপত্তা কোনো রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিকে দেওয়া হবে না। সেই নীতি মেনেই শুধুমাত্র রাজনীতিবিদরা নন, অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা কে কতটা সরকারি নিরাপত্তা পাচ্ছেন এবং আদৌ তার প্রয়োজন রয়েছে কি না, তা নতুন করে খতিয়ে দেখার কাজ শুরু করে বর্তমান সরকার। সেই উচ্চপর্যায়ের পর্যালোচনার ভিত্তিতেই সৌরভের নিরাপত্তার বিষয়ে এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে সৌরভ গঙ্গোপাধ্যায় একাই নন, সরকার বদলের পর গত কয়েক মাসে রাজ্যের একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতার নিরাপত্তাতেও কোপ পড়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'জেড প্লাস' নিরাপত্তা তুলে নেওয়া হয়। একজন সাধারণ সাংসদ হিসেবে তাঁর যতটুকু নিরাপত্তা প্রাপ্য, নিয়ম মেনে সেটাই বরাদ্দ করেছিল প্রশাসন। যদিও পরবর্তী সময়ে সোনারপুরে একটি জনরোষের ঘটনার পর তাঁকে ফের সরকারের তরফ থেকে 'এক্স ক্যাটাগরি'র নিরাপত্তা প্রদান করা হয়। পাশাপাশি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার-সহ পূর্বতন শাসক দলের আরও অন্তত 10 জন নেতার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
প্রাক্তন সরকারের আমলে যাঁরা মন্ত্রী বা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে। উদাহরণস্বরূপ, রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এতদিন 'জেড ক্যাটাগরি'র নিরাপত্তা ভোগ করতেন, সেখানেও কাটছাঁট করেছে বর্তমান প্রশাসন। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য সদ্য সমাপ্ত নির্বাচনে পরাজিত হয়েছেন। জনপ্রতিনিধি না থাকার কারণে সরকারি প্রোটোকল অনুযায়ী তাঁদেরও নিরাপত্তা সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এবার সেই ভিআইপি নিরাপত্তার পর্যালোচনার আওতায় পড়ে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নিরাপত্তাও কমাল রাজ্য।