• কলকাতা পুরসভা: মাসিক অধিবেশনে কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • এই সময়: রাজ্যে সরকার বদলের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বেআইনি হস্তক্ষেপের অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানির পরে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এবং বিশ্বরূপ চৌধুরীর গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পুরসভার মাসিক অধিবেশন আগের মতোই আইন মেনে করা যাবে। তবে মামলাকারীরা পুরসচিবের কাজকর্মে হস্তক্ষেপ চাইলেও এ দিন তাতে রাজি হয়নি আদালত। যদিও আদালত স্পষ্ট করে দিয়েছে, পুর চেয়ারম্যান পুর–আইন মেনে প্রতি মাসে বৈঠক ডাকবেন।

    রাজ্যে ক্ষমতা বদলের পরে গত ২২ মে কলকাতা পুরসভার ৫৪তম অধিবেশন হয়। চেয়ারম্যানের নেতৃত্বে সেই বৈঠকে বেশ কিছু প্রস্তাব নেওয়া হয়েছিল, যা আগামী দিনে কার্যকর করার কথা। মামলায় অভিযোগ, পুরসভার সচিব কোনও কারণ ছাড়াই সেই মিটিংয়ের সিদ্ধান্ত স্থগিত করে দেন। কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের তরফে আইনজীবী রঘুনাথ চক্রবর্তী জানান, পুর–আইন অনুযায়ী মিটিং স্থগিত বা বাতিলের কোনও অধিকার নেই সচিবের। তাঁর আরও বক্তব্য, পুরসভার আইন অনুযায়ী প্রতি মাসে চেয়ারম্যানকে মাসিক বৈঠক ডাকতে হয় নাগরিক পরিষেবা বজায় রাখার জন্য। তাই আদালত নির্দেশ দিক জুনের মাসিক বৈঠক যেন চেয়ারম্যান ডাকতে পারেন এবং সেখানে যাতে সচিবের সিদ্ধান্ত বাধা হয়ে না দাঁড়ায়।

    কলকাতা পুরসভার মূল অধিবেশন কক্ষের দরজা তালা বন্ধ থাকার কারণে ২২ মে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। ওই ঘর তালাবন্ধ থাকায় কাউন্সিলাররা সেই কক্ষের ভিতরে ঢুকতে পারেননি। মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়ের উপস্থিতিতে সভাঘরের বাইরের একটি ঘরে মাসিক অধিবেশন করেন কাউন্সিলাররা। কিন্তু তার পরেই সচিব ওই বৈঠক স্থগিত বলে নির্দেশ দেন।

    এ দিন প্রাথমিক শুনানির পরে আদালত জানিয়ে দেয়, ওই মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা নিয়ে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন। ওই দিন পুরসভার চেয়ারম্যানকে হলফনামা দিয়ে জানাতে হবে ২২ মে হওয়া মিটিংয়ে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিংয়ের মিনিটস হলফনামা আকারে আদালতে জমা করতে হবে। যদিও এ দিন পুরসভার তরফে আদালতে দাবি করা হয়, সে দিন কোনও বৈঠকই হয়নি। তাই ওই বৈঠকের আইনি বৈধতা থাকার কোনও প্রশ্ন নেই। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, কলকাতা পুরসভার পরবর্তী মাসিক বৈঠক পুরসভার আইন মেনেই হবে।

  • Link to this news (এই সময়)