• শওকতকে খুঁজতে তাঁর ছেলেকে নিয়ে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে NIA, বাড়িতেও চলছে তল্লাশি
    এই সময় | ০৪ জুন ২০২৬
  • প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলছে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে। কিন্তু এখনও তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকতের নাগালে পায়নি এনআইএ। এই পরিস্থিতিতে শওকতকে খুঁজে বার করতে তাঁর ছেলেকে সঙ্গে নিয়েই নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এনআইএ-র অফিসাররা। কখনও তদন্তকারীরা যাচ্ছেন মৌখালি এলাকায় শওকতের ছেলের রেস্তোরাঁয়, কখনও সোনারপুর, আবার কখনও বারুইপুরে।

    ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ-কাণ্ডের তদন্তের বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা এলাকায় শওকতের বাড়িতে যায় এনআইএ। ৮-১০টি গাড়িতে করে যান তদন্তকারীরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। এর পর শওকতের বাড়ি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না। তল্লাশি অভিযানের খবর পেয়ে পরে বাড়িতে পৌঁছন তৃণমূল নেতার স্ত্রী ও মেয়ে। কিছু ক্ষণ পরে শওকতের ছেলে ইমরান মোল্লাকেও ওই বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে সকলকে জিজ্ঞাসাবাদের পরেই ইমরান সঙ্গে নিয়ে শওকতের খোঁজে বেরোন এনআইএ-র কয়েক জন আধিকারিক।

    প্রথমে মৌখালিতে ইমরানের রেস্তোরাঁয় যান তদন্তকারীরা। সেখানে কিছু ক্ষণ তল্লাশি অভিযান চলে। এনআইএ সূত্রে খবর, সেখান থেকে কলকাতার দিকে রওনা দেন তদন্তকারীরা। তাঁরা প্রথমে সোনারপুরে যান। কিন্তু সেখানে শওকতের খোঁজ মেলেনি। তার পরে তদন্তকারীদের গাড়ি বারুইপুরের দিকে ঘুরে যায়।

    বিধানসভা ভোটের কিছু দিন আগেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বামুনিয়ায়। সেই ঘটনায় এক জন নিহত হন। আহত হন বেশ কয়েক জন। নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এর তরফে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। পরবর্তী সময়ে ঘটনার তদন্তের দায়িত্বভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই। তার পরেই তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তারই সূত্র ধরে এ বার শওকতের দুয়ারে হানা।

  • Link to this news (এই সময়)