: কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের কমিউনিটি হলে অন্নপূর্ণা যোজনার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যজুড়েই তিনি ভার্চুয়ালি এই অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করেন এবং তারপর থেকেই বেনেফিশিয়ারিদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে। এরপর একে একে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার আওতায় আসার জন্য আবেদনপত্র জমা দিতে পারছেন উপভোক্তারা।
এদিন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস ও কৃষ্ণগঞ্জ বিডিও-সহ অফিসের আধিকারিকদের হাত ধরে ১০০ জন গ্রাহকের হাতে অন্নপূর্ণা যোজনার সংশয়পত্র তুলে দেওয়া হয়। মহিলারা অন্নপূর্ণা যোজনার সংশয়পত্র হাতে পেতেই সবার মুখে ফুটে ওঠে চওড়া হাসি। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস বলেন, তাদের সরকার ঘোষণা করেছিল অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা করে মহিলাদের দেওয়া হবে। তারা এক মাসের মধ্যে কথা রেখেছেন এবং তাদের হাতে আজ টাকা তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে এর আগে তৃণমূলের সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পেতেন। ধীরে ধীরে তা বেড়ে দেড় হাজার টাকা পর্যন্ত গিয়ে দাঁড়ায়। বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের সেই প্রকল্পকে অন্নপূর্ণা যোজনার আওতায় এনে একেবারে তিন হাজার টাকা করে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে।
সেই কথা অনুযায়ী আজ বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা আসাতে খুশি সকলে। তবে এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে বেশ কিছু শর্ত রেখেছে রাজ্য সরকার। রয়েছে লম্বা একটি ফর্ম, যেখানে নিজের এবং পরিবারের সকলের বেশ কিছু তথ্য জানাতে হবে সরকারকে। তারপর সেই গ্রাহক উপযুক্ত হলেই তার একাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে অন্নপূর্ণা যোজনায় তিন হাজার টাকা করে ঢুকে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।