• ফের মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের!
    আজকাল | ০৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। ফের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। 

    আইনজীবী রিঙ্কি সেন চ্যাটার্জি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ‌ জানিয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশের এক হত্যাকাণ্ড ঘিরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিলেন। 

    ২ জুন রানি রাসমণি রোডে এই উস্কানিমূলক মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে জড়িয়ে এই মন্তব্য করেছিলেন তিনি। সেই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

    প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই, অর্থাৎ গত মাসের শেষেও এই আইনজীবী শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মমতা ব্যানার্জি বিরুদ্ধে আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। 

    আইনজীবী রিঙ্কির দাবি, বিগত কয়েক বছরে নানা ধর্মীয় অনুষ্ঠান এবং একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে একাধিকবার ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। রেড রোড ও ধর্না মঞ্চের মন্তব্য ঘিরে অভিযোগ দায়ের করেন তিনি। 

    বিজেপি কর্মী ও আইনজীবী রিঙ্কি জানিয়েছেন, ২০২৫ সালে কলকাতার রেড রোডের অনুষ্ঠান থেকে মমতা ব্যানার্জি হিন্দুত্ব এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। দ্বিতীয়ত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ধর্নামঞ্চ থেকে ফের একই ধরণের ধর্মীয় মেরুকরণ ও বিতর্কিত মন্তব্য করেন তিনি। 

    তাঁর অভিযোগ, ২০২৫ সালেই শিলিগুড়ি থানায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু সেই সময় পুলিশ আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই সেই থানাতেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করেছেন তিনি। 
  • Link to this news (আজকাল)