আজকাল ওয়েবডেস্ক: অভিযোগ উঠেছিল অনেক আগেই। রাজ্যে পালাবদল হতেই হানা দিল পুলিশ। গ্রেপ্তার তিন জমি মাফিয়া। উত্তর ২৪ পরগণার হালিশহর থেকে গ্রেপ্তার করা হল প্রদোষ ঘোষ ও রহমত সাহাকে। এলাকায় যাদের পরিচিতি পিন্টু ও লকা নামে। সেইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তাদের আরেক সঙ্গী অভিজিৎ মণ্ডলকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদের দাপটে ওই এলাকায় বাঘে-গরুতে একসঙ্গে জল খেত। বিবিধ অভিযোগে অভিযুক্ত ছিল এরা। জমি জালিয়াতি করে অন্যের জমি হাতিয়ে নেওয়া ছাড়াও তোলাবাজি, ভোটের সময় সাধারণ মানুষকে হুমকির প্রচুর অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন শাসকদলের ছত্রছায়ায় থেকে এরা বেপরোয়াভাবে এই অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছিল। শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল।
জানা গিয়েছে, গত ২০১৫ সাল থেকেই অপরাধমূলক কাজে হাত পাকিয়েছিল পিন্টু ও তার শাগরেদরা। কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একটি বড়সড় হোটেলের মালিক এই পিন্টু। রাজনৈতিক পরিচিতির সুবাদে ফুলে ফেঁপে উঠেছে তার হোটেল ব্যবসা।
রহমত কাপা পঞ্চায়েতের উপপ্রধান। অভিযোগ, স্থানীয় তৃণমূল সাংসদের হাত মাথায় থাকার জন্য অবৈধ নির্মাণকাজ থেকে শুরু করে মানুষকে ধমকে চমকে টাকা তুলত সে। রাজ্যে পালাবদল হতেই জেটিয়া থানার পুলিশ তৎপর হয়ে এদেরকে ধরে। ধৃতদের আদালত দু'দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়।