• তৃণমূল নেতার গাড়িতে মিলল সরকারি প্রকল্পের কম্বল-শাড়ি-চাদর ও স্কুলড্রেস, শোরগোল ঝাড়গ্রামে
    আজ তক | ০৪ জুন ২০২৬
  • রাজ্যে পালাবদল হতেই তৃণমূল নেতাদের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। প্রায় প্রতিদিনই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বলের মতো নানা সামগ্রী। নানাবিধ এমন ঘটনা কেন্দ্র কের রীতিমতো শোরগোলও পড়ে গিয়েছে। এমনই ঘটনা এবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে। উদ্ধার সরকারি প্রকল্পের কম্বল, শাড়ি, বেডশিট, স্কুলড্রেস। গ্রেফতারও করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাসকে। রাজনৈতিক প্রভাব খাটানো, ভোটারদের উপর চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সম্পত্তি বৃদ্ধি নিয়ে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল এই ব্যক্তির বিরুদ্ধে, তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। 

    সম্প্রতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কাঠুয়াপাল এলাকায় তৃণমূলের রগড়া অঞ্চল সভাপতি তথা রগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চানন দাসের বাড়িতে পুলিশি তল্লাশি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পঞ্চানন দাসের বাড়ির সামনে একটি চার চাকার গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় BJP নেতৃত্বের। অভিযোগ, গাড়িটি দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে BJP কর্মী-সমর্থকেরা সেটিকে ধাওয়া করে বৈঞ্চা গ্রামে আটক করেন। পরে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে নিজেদের হেফাজতে নেয়।

    BJP নেতা অনুপ চন্দ্রের দাবি, আটক গাড়ি থেকে সরকারি প্রকল্পে ব্যবহৃত কম্বল, শাড়ি, বেডশিট এবং স্কুলপড়ুয়াদের পোশাক উদ্ধার হয়েছে। পাশাপাশি পঞ্চানন দাসের বাড়ির পাশের একটি গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একাধিক সরকারি দফতরের ফাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে বলেও অভিযোগ। BJP-র আরও অভিযোগ, তল্লাশির সময় পঞ্চানন দাসের নামে ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এবং ২০টি ATM কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    অভিযোগের জেরে বুধবার রাত থেকেই BJP কর্মী-সমর্থকেরা ওই বাড়ির সামনে অবস্থান শুরু করেন এবং সারারাত নজরদারি চালান। বৃহস্পতিবার সকালে ফের সাঁকরাইল থানার পুলিশ বাড়িতে তল্লাশি অভিযান চালায়। BJP-র দাবি, সেই তল্লাশিতেও প্রচুর সরকারি কম্বল উদ্ধার হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে বহু সাধারণ মানুষের ভিড় জমে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন গোপিবল্লভপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজেশ মাহাতো। তাঁর স্পষ্ট দাবি, কোনও দুর্নীতিগ্রস্থ ব্যক্তি ছাড়া পাবে না। 

    রিপোর্টার- জিতেন্দ্র তিওয়ারি
  • Link to this news (আজ তক)