গঙ্গায় জলপথ পরিবহণকে আরও আধুনিক ও গতিশীল করতে এবার ‘ওয়াটার মেট্রো’ চালুর উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পে রাজ্য সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে।
তিনি বলেন, 'আমরা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছি। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কেরলের অভিজ্ঞতা সামনে রেখে কলকাতাতেও এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।'
সূত্রের খবর, কেরলের কোচির মতো কলকাতাতেও ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই আধুনিক জলযানগুলি পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি দ্রুত যাতায়াতের সুবিধা দেবে। গঙ্গার বাস্তুতন্ত্রের ক্ষতি না করে কীভাবে পরিষেবা চালানো যায়, সেই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলি ইতিমধ্যেই আশ্বাস দিয়েছে।
প্রশাসন মনে করছে, এই পরিষেবা চালু হলে শহরের রাস্তায় যানজট অনেকটাই কমবে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যাত্রীরা খুব কম সময়ে গঙ্গার জলপথ ব্যবহার করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারবেন।
দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কলকাতাতেই। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে বহন করে চলা সেই মেট্রোর ধারাবাহিকতায় এবার জলপথ পরিবহণকেও আধুনিক রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবান্নের আধিকারিকদের একাংশের মতে, এই ‘ওয়াটার মেট্রো’ চালু হলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে যাবে।