দাদনপাত্রবাড়ে হচ্ছে গভীর সমুদ্রবন্দর, আদানিদের সঙ্গে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ০৪ জুন ২০২৬
তাজপুরে হচ্ছে না গভীর সমুদ্রবন্দর। বুধবার করণ আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর বৃহস্পতিবার নবান্ন থেকে সে কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তাজপুরের প্রকল্পটি নিয়ে করণ আদানির সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকারের কাছে ওই প্রকল্পের জন্য পর্যাপ্ত জমি নেই। তাই তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করেছে সরকার। প্রায় ১৭০০ একর জমি রাজ্যের হাতে রয়েছে বলেও তিনি এদিন জানান।
বৃহস্পতিবার বন্দর, উপকূলবর্তী এলাকা এবং কলকাতার নদী সংলগ্ন এলাকা নিয়ে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গেও তাজপুর নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘ তাজপুরে গভীর সমুদ্রবন্দর সম্ভব নয়। সেখানে রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত জমি নেই। সেই কারণে আদানিরা ওই প্রকল্প থেকে বেরিয়ে গিয়েছিলেন। কয়েক হাজার একর জমির প্রয়োজন। তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে বিকল্প পরিকল্পনা করেছি। ওখানে ১৭০০ একর জমি রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গেও কথা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন। সেখানে বাস্তবসম্ততভাবে এগোন হবে।‘
উল্লেখ্য পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড প্রযুক্তিতে বন্দর তৈরি হওয়ার প্রকল্প হাতে নিয়েছিল মমতার সরকার। পরিকাঠামো নির্মাণের জন্য প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা ছিল। টেন্ডার ডেকে আদানিকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০২২ সালের ১২ অক্টোবর আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির হাতে লেটার অফ ইনটেন্ট তুলে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আদানি গোষ্ঠী এই প্রকল্প থেকে সরে গিয়েছিল, তা তৎকালীন সরকার কখনও প্রকাশ্যে আনেনি।