জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
প্রতিদিন | ০৪ জুন ২০২৬
সত্তরের দশকে কলেজে পড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতিতে। তারপর রাজনীতি থেকে আর দূরত্ব বাড়াতে পারেননি তিনি। পরবর্তীতে কংগ্রেসে যোগ দেন। ১৯৮৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাদবপুর আসনে তাঁকে প্রার্থী করে কংগ্রেস। বামেদের দাপুটে নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে প্রথমবার সাংসদ হন তিনি। ১৯৯০ সাল থেকে কংগ্রেসের সঙ্গে তাঁর মতানৈক্য তৈরি হয়। একটা সময় বাড়ে দূরত্ব। তারপরও ১৯৯১ সালে কেন্দ্রের মন্ত্রিত্ব পান তিনি। নব্বইয়ের দশকের শেষভাগে পশ্চিমবঙ্গে কংগ্রেসের তৎকালীন নেতৃত্বের নিষ্ক্রিয়তা এবং বামপন্থীদের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ে বিরক্ত হয়ে নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে পথ চলা শুরু তৃণমূলের। যাদের একমাত্র লক্ষ্য ছিল বাম সাম্রাজ্যের পতন ঘটানো।
১৯৯৮ থেকে একটু একটু করে বাংলায় আধিপত্য স্থাপনের লক্ষ্যে লড়াই শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে ৭ টি আসনে জয় পায়। সেখান থেকেই শুরু। ১৯৯৯ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ৮ আসনে জয় পায় মমতার দল। এরপর উপ নির্বাচনে দখল করে আরও একটি আসন। ২০০০ সালে প্রথমবার কলকাতা পুরসভা দখল দখল করে ঘাসফুল। ধীরে ধীরে আমজনতার আস্থাভাজন হয়ে ওঠেন মমতা। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে ৬০ আসনে জয় পায় দল। ২০০৪ সালের লোকসভায় মাত্র ১ টি আসন জেতে তৃণমূল। দক্ষিণ কলকাতায় জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপর থেকেই বঙ্গে তৃণমূল-তৃণমূল রব ওঠে। মনে করা হয়েছিল ২০০৬ সালেই ভেঙে চুরমার হয়ে যাবে বামসাম্রাজ্য। কিন্তু তা হয়নি। মাত্র তিরিশটি আসন জেতে তৃণমূল। এরপর সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের জেরে আরও লাইম লাইটে চলে আসেন মমতা। যা রাজ্য-রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে ২ জেলা পরিষদে জয় পায় তৃণমূল। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বামফ্রন্টকে পিছনে ফেলে ১৯ আসনে জয়লাভ করে মমতার দল। ২০১১ সালে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নপূরণ হয়। ভেঙে পড়ে বাম সাম্রাজ্য। ১৮৪ আসন জিতে মসনদে বসে তৃণমূল। এরপর যত সময় এগিয়েছে আসন সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে লোকসভায় ৪২টির মধ্যে ৩৪ আসন জয় পায় দল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২২ আসন জয় পায়। ২০২১ এ বিজেপি বাংলা দখলের মরিয়া চেষ্টা করলেও লাভ হয়নি। ২১৫ আসনে জিতে ফের মুখ্যমন্ত্রী হন মমতা। ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২৯ আসনে জয় পায় দল। ২০২৬ ফের চতুর্থবার জয় পাবেন বলে নিশ্চিত ছিলেন মমতা। কিন্তু তা হয়নি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। হেরে গিয়েছেন খোদ মমতার। ভোটের ফল প্রকাশের এক মাস পেরনোর আগেই ভেঙে টুকরো তৃণমূল। এমনকী পরিষদলীয় দলের রাশও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ‘নতুন তৃণমূলে’র নেতৃত্বে প্রাক্তন বামনেতা তথা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।