ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর! শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম, পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার
প্রতিদিন | ০৪ জুন ২০২৬
ক্ষমতায় এসে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করছে শুভেন্দু সরকার। আগামী দুর্গাপুজোর মধ্যে কলকাতা ও হাওড়ার ৬টি গঙ্গাঘাট সংস্কার ও সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাগবাজার-সহ এই ৬টি ঘাটের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুজোর আগেই সেই কাজ শেষ হবে আজ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর তথা কলকাতা বন্দরের উদ্যোগে শ্যামাপ্রসাদের মুখার্জির নামে একটি মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিউজিয়ামে কলকাতার পুরনো ইতিহাসকে তুলে ধরা হবে।
এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাগবাজার, আহিরিটোলা, শোভাবাজার, মল্লিকঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট ও বান্দা ঘাটের সংস্কার, সৌন্দর্যায়নের করা হবে। এর মধ্যে দু’টি ঘাটের সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষে পথে। বাকিগুলির কাজও খুব শীঘ্রই শেষ হবে। পুজোর মধ্যে কাজ সম্পন্ন করার টার্গেট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর অতীত স্মৃতিকে অক্ষুন্ন রেখে ঘাটগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করবে সরকার। ঐতিহ্য বজায় রেখেই এই কাজ করা হবে।
মুখ্যমন্ত্রী জানান, জাতীয় জলপথে ২৫ টি জেটি তৈরি করা হচ্ছে। দু’বছর পর পরিবহণ দপ্তরের আওতায় আসবে জেটিগুলি। পরিবহণ দপ্তর থেকে শিপিং বিভাগকে আলাদা করার চিন্তাভাবনা করছে রাজ্য। দেশের অনেক রাজ্যেই এই দু’টি দপ্তর আলাদা রয়েছে। সেই পথে হেঁটে পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। পাশাপাশি শুভেন্দু জানান, কলকাতা বন্দরের উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটি মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরনো কলকাতার সাংস্কৃতিক, আধ্যাত্মিত ইতিহাস তুলে ধরা হবে এই মিউজিয়ামে। এই মিউজিয়াম তৈরির সিদ্ধান্তকে ‘বড় সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন শুভেন্দু। শীর্ঘই মিউজিয়াম তৈরির কাজ শুরু হবে।