জঙ্গলমহলে প্রশাসনিক বড় রদবদল! বাড়ছে ব্লক-মহকুমা, কোথায় হচ্ছে জানুন
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
: জঙ্গলমহল পাচ্ছে আরও এক মহকুমা। এবার সেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর সদর ঘাটাল ও খড়গপুর সাব ডিভিশনের পর আরেকটি সাব ডিভিশন গড়ে তোলার জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠান হচ্ছে জেলা প্রশাসনের তরফে। কয়েকদিনের মধ্যে সমস্ত পরিকল্পনা করে রাজ্য সরকারকে পাঠান হবে। ইতিমধ্যেই প্রস্তাবিত জায়গা ঘুরে রেখেছেন জেলাশাসক, বিধায়ক ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। খুব শীঘ্রই নতুন ব্লক ও মহকুমা পেতে চলেছে জঙ্গলমহলের এই জেলা। স্বাভাবিকভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় মহকুমার সংখ্যা হয়ে দাঁড়াবে চার।
প্রশাসনিক কাজের সুবিধার জন্য, জেলার নারায়ণগড় ব্লককে দু’ভাগে ভেঙে দেওয়া হবে। শুধু তাই নয় নারায়ণগড় ব্লক অফিস চত্বরে তৈরি হতে পারে মহকুমা শাসকের কার্যালয়। ইতিমধ্যেই মহাকুমা শাসকের কার্যালয়ের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা। ইতিমধ্যেই সমস্ত কিছু তোড়জোড় শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। দ্রুত সেই প্রস্তাব পাঠান হবে নবান্নে। এরপর রাজ্য সরকারের সম্মতিক্রমে মেদিনীপুর পাবে নতুন এক মহকুমা। স্বাভাবিকভাবে নারায়ণগড়, দাঁতনের দুটি ব্লক, মোহনপুর কিংবা কেশিয়াড়ি ব্লকের মানুষজনকে আর দৌড়াতে হবে না খড়গপুর।
বেশ কয়েকবার নারায়ণগড় ব্লককে প্রশাসনিক সুবিধার জন্য ভেঙে দিয়ে দু’টি আলাদা ব্লক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে তা বাস্তব রূপ পায়নি। তবে নতুন সরকার গঠনের পর বাস্তব রূপ দিতে চলেছে। নারায়ণগড় ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েত। যার সদর কেন্দ্র বেলদা। বেলদাতে রয়েছে ব্লক অফিস। স্বাভাবিকভাবে মকরামপুর নারমা কিংবা এই সমস্ত অঞ্চল থেকে সরকারি কোনও সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অনেকটা দূর আসতে হয়।। শুধু তাই নয় মহকুমায় প্রয়োজন পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করে যেতে হয় খড়গপুর। স্বাভাবিকভাবে প্রশাসনিক প্রয়োজন বুঝে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গা পরিদর্শন করে সেই প্রস্তাব পাঠান হবে রাজ্য সরকারের কাছে। বিভিন্ন দফতরে পর্যালোচনার পর তার সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাভাবিকভাবে একদিকে ব্লক ভেঙে দু’টি ব্লক অন্যদিকে জেলায় আরও একটি নতুন ভাবে মহকুমা গড়ে উঠলে প্রশাসনিক কাজ আরও সহজ ও সরল হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। দ্রুত এই কাজ সম্পন্ন হবে বলে প্রশাসন সূত্রে খবর।