কোন গাছে কোন আম? এবার কিউআর কোড স্ক্যান করলেই মোবাইল স্ক্রিনে ফাঁস হবে আমের সব 'কুষ্ঠি-ঠিকুজি'
News18 বাংলা | ০৪ জুন ২০২৬
: মালদহে আমচাষে যুক্ত হল আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এবার আম গাছের জাত বা পরিচয় জানতে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মোবাইল ফোন দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে গাছের বিস্তারিত তথ্য। এই অভিনব উদ্যোগ নিয়েছে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে ক্যাম্পাসের প্রায় ৫০টি আম গাছে কিউআর কোড লাগানো হয়েছে। গাছের গায়ে থাকা ওই কোড স্ক্যান করলেই মোবাইলের পর্দায় ভেসে উঠবে সংশ্লিষ্ট গাছের বিভিন্ন তথ্য। কোন প্রজাতির আম গাছ, তার পরিচর্যার ধরন, কতটা সার প্রয়োগ করা হয়েছে, গাছের স্বাস্থ্য কেমন রয়েছে সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানা যাবে।
কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্যান্ত কুমার রাঘব জানান, “এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং চাষিদের জন্য বিভিন্ন জাতের আম গাছ চিহ্নিত করা অনেক সহজ হবে। মালদহে বহু প্রজাতির আমের চাষ হয়। ফলে অনেক সময় গাছ বা আমের জাত শনাক্ত করতে সমস্যার মুখে পড়তে হয়। কিউআর কোড প্রযুক্তি সেই সমস্যা দূর করবে।”
তিনি আরও জানান, “চাষিরাও খুব সহজে নিজেদের বাগানে এই পদ্ধতি চালু করতে পারেন। মোবাইলের মাধ্যমে গাছের তথ্য সংরক্ষণ করে কিউআর কোড তৈরি করা যায়। পরে সেটি প্রিন্ট করে লেমিনেশন করে গাছে টাঙিয়ে দিলেই হবে। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়।”
প্রকৃতি ও প্রযুক্তির এই সমন্বয় আমচাষে তথ্যভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। মালদহের আমবাগানে এই ডিজিটাল উদ্যোগ ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে চাষি ও সাধারণ মানুষের মধ্যে।