বোমা বিস্ফোরণ মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার বাড়ি ও আরও নানা ঠিকানায় তল্লাশি চালিয়েছে NIA, কিন্তু খোঁজ মিলল না প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শেষ পর্যন্ত ৮ জুন নিউটাউনের NIA অফিসে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছে শওকত মোল্লাকে। প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সেই চিঠি।
এ দিন উত্তর কাশীপুর এলাকায় শওকতের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘লাল্টু’র বাড়ি থেকে একটি সিসিটিভি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, কিছু সময়ের জন্য ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন শওকত মোল্লা। ঘটনার তদন্তে একাধিক সূত্র ধরে এগোচ্ছে এনআইএ। এ দিন NIA তদন্তকারীরা শওকতের ছেলেকে সঙ্গে নিয়ে মৌখালির বিভিন্ন এলাকায় তল্লাশি চালান। বারুইপুরে শওকতের একটি ডেরাতেও অভিযান চালানো হয়। সূত্রের খবর, শওকতের ছেলে ইমরান মোল্লাকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ দিন প্রথমে ইমরানের একটি ক্যাফেতে গিয়েছিলেন এনআইএ তদন্তকারীরা। তারপরে সোনারপুরে যান তাঁরা। সেখানে শওকতকে পাওয়া যায়নি। তারপরে বারুইপুরে একটি ঠিকানায় যান তাঁরা।
ভাঙড়ের বামুনিয়ায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় এ দিনের তল্লাশি হয়। ওই ঘটনায় এক ব্যক্তি মারা গিয়েছিলেন। পরে ওই বিস্ফোরণের ঘটনার তদন্তভার নেয় এনআইএ। ওই মামলায় ইতিমধ্যেই তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালকের ভাইকে গ্রেপ্তার করেছে এনআইএ।