আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার সই জাল কাণ্ডে ফের বড় পদক্ষেপ তদন্তকারী সংস্থা সিআইডির। বৃহস্পতিবার রাতে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছল সিআইডি।
এদিন রাতে ববি হাকিমের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, সই জাল কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন সেটা ঠিক করতে মমতা যে বৈঠক ডেকেছিলেন সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ। সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কী আলোচনা হয়েছিল তা বিস্তারিত জানতেই এদিন ববি হাকিমের বাড়িতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, বুধবারেই কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ। তার আগে বুধবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকেও যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপরেই খবর পাওয়া যায় যে তিনি মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
জানা যায়, মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে মমতা ব্যানার্জিকে চিঠি দেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। এমনও জানা যায়, ওই ইস্তফা পত্রে সম্মতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই ছন্নছাড়া দশা দলের। একের পর এক কাউন্সিলর পদত্যাগ করেছেন ইতিমধ্যেই। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার জল্পনা বাড়তেই আজকাল ডট ইন সাংসদ মালা রায়ের সঙ্গে যোগাযোগ করে।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ অবগত নন বলেই জানান। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাজ্যে পালাবদলের পর তিনি কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন।
কাজের অসুবিধার কারণেই তিনি মেয়র হিসেবে ইস্তফা দিতে চান। মঙ্গলবার মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন নয়না ব্যানার্জি, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম।
বুধবার তিন জেলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে হাজির হন, আরও একাধিক বিধায়কের সঙ্গেই, নয়না-কুণাল-ফিরহাদ।