• রাগে ফুঁসছেন মহিলারা, জনরোষ থেকে বাঁচতে খাটের তলায় কোচবিহারের তৃণমূল নেতা! গ্রেফতার করল পুলিশ
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • পেশায় সিভিক ভলেন্টিয়ার৷ কিন্তু তিনি এলাকার দাপুটে তৃণমূল নেতা৷ সেই দাপটের জোরেই এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি বাড়ি তৈরির টাকার কাটমানি নিয়েছিলেন৷ কিন্তু রাজ্যে ক্ষমতার হাতবদল হতেই দাপুটে সেই তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত চাইলেন এলাকার বাসিন্দারা৷ শেষ পর্যন্ত জনরোষ থেকে বাঁচতে খাটের তলায় আশ্রয় নিলেন অভিযুক্ত তৃণমূল নেতা৷

    বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের মাথাভাঙা এলাকা৷ মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকিএলাকার ওই অভিযুক্ত তৃণমূল নেতার নাম শহিদুল মিঞা৷ তিনি আবার পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার৷

    এলাকাবাসীর দাবি, প্রায় ৮ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে৷ সরকারি আবাস যোজনার প্রাপ্য টাকা থেকে ওই তৃণমূল নেতা কাটমানি নিতেন বলে অভিযোগ৷ কারও থেকে ৫ হাজার, কারও থেকে ১০ হাজার আবার কারও থেকে ২০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে৷

    রাজ্যে পালাবদলের পর থেকেই ওই তৃণমূল নেতার কাছ থেকে কাটমানি ফেরত চাইতে শুরু করেন এলাকার বাসিন্দারা৷ গত ২৫ মে ওই তৃণমূল নেতার বাড়ির বাইরেও বিক্ষোভ দেখান এলাকার মহিলারা৷ তখন টাকা ফেরত দেওয়ার জন্য কয়েকদিন সময় চান অভিযুক্ত তৃণমূল নেতা৷ এ দিন ফের বিক্ষোভকারীরা তাঁর বাড়ির বাইরে জড়ো হন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ৷ ঘরের ভিতরে ঢুকে পুলিশকর্মীরা দেখেন, জনরোষের ভয়ে খাটের নীচে লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা শহিদুল মিঞা৷

    শেষ পর্যন্ত অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়৷
  • Link to this news (News18 বাংলা)