• তুমুল বজ্রপাতে ফালা ফালা আকাশ, বজ্রাঘাতে শিশু-সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া জেলায় জেলায়
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • বজ্রাঘাতে শোকের ছায়া, আজ এখনও পর্যন্ত রাজ্যে বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। মুর্শিদাবাদে দু’জন এবং জলপাইগুড়িতে এক জনের মৃত্যু হয়েছে। সুতিতে আম কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশু-সহ দু’জনের। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বজ্রপাতে এক শিশু-সহ দু’জনের মৃত্যুতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। বৃহস্পতিবার আম কুড়াতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, মৃত শিশুর নাম আবুল কাশেম, বাড়ি সুতি থানার নয়াগ্রাম কুসুমগাছি এলাকায়। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন আবদুল রশিদ, যিনি সুতি থানার বৈষ্ণবডাঙ্গা এলাকার বাসিন্দা। স্থানীয়দের মতে, হঠাৎ আবহাওয়া বদলে ঝড়-বৃষ্টি শুরু হলে খোলা মাঠে থাকা অবস্থাতেই বজ্রপাতের মারা যান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ হঠাৎ অন্ধকার করে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বাড়ির পাশের পুকুরের ধারে একটি আমগাছের নিচে আম কুড়াতে ব্যস্ত থাকাকালীন সময়ে হঠাৎ বজ্রপাত হলে আবুল কাশেম নামে ওই বালক গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে সুতি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

    এদিকে, জলপাইগুড়ির মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কাদোবাড়ি এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় আরও এক যুবকের। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বিকেলে তিস্তার চরে চাষ আবাদ ও গরু চড়াতে গিয়েছিলেন এলাকারই পাঁচ যুবক। আচমকা বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত শুরু হয়ে যায়। বজ্রাঘাতে মৃত্যু হয় রাজু দাস নামে এক যুবকের। আহত হন আরও চারজন। আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)