এক পশলা বৃষ্টি, একটা বজ্রপাত, আর তাতেই সব শেষ! তিস্তার চরে নিভে গেল এক তরুণের তরতাজা প্রাণ
News18 বাংলা | ০৫ জুন ২০২৬
: এক পশলা বৃষ্টি, একটা বজ্রপাত আর তাতেই সব শেষ! তিস্তার চরে নিভে গেল এক তরুণের তরতাজা প্রাণ! দিনের শেষে সামান্য স্বস্তি দিতে নেমেছিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিই হয়ে উঠল মৃত্যুর দূত। তিস্তার চরে বজ্রাঘাতে প্রাণ হারাল আনন্দচন্দ্র কলেজের প্রথম বর্ষের ছাত্র রাজু দাস (২২)। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁদোবাড়ি এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু-সহ কয়েকজন যুবক তিস্তার চরে গরু আনতে গিয়েছিল। সেখানে এলাকার কয়েকজনের সঙ্গে গল্পগুজবে মেতে ওঠে তারা। হঠাৎ করেই আকাশ ঘনিয়ে আসে, শুরু হয় ঝড়-বৃষ্টি। সঙ্গে ঘনঘন বজ্রপাত। পরিস্থিতি বুঝে পাঁচজন একটি অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নেয়। কিন্তু বিপদ এড়ানো যায়নি। আচমকাই এক বজ্রাঘাতে গুরুতর জখম হন কয়েকজন। তাঁদের মধ্যে রাজু দাসের অবস্থা ছিল সবচেয়ে সংকটজনক। তড়িঘড়ি করে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন, যদিও বাকিরা আপাতত বিপন্মুক্ত বলে জানা গেছে। মৃতের পরিবারের সদস্য প্রশান্ত দাস জানান, “সারাদিন প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল। বৃষ্টি নামতেই একটু স্বস্তি পাব ভেবেছিলাম। কে জানত, সেই বৃষ্টিই আমাদের কাছ থেকে ওকে কেড়ে নেবে।” এক মুহূর্তের এই দুর্ঘটনায় কার্যত স্তব্ধ কাঁদোবাড়ি। তিস্তার পাড়ের বাসিন্দাদের এখন শুধুই শোক, আর অপ্রত্যাশিত প্রাণ হারানোর ভার গ্রাস করছে।