• দিদার বাড়িতে এসে মর্মান্তিক ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৯ বছরের শিশুর
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • দিদার বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হল না ৯ বছরের শিশু কন্যা আনিসা খাতুনের। দিদার বাড়িতে মর্মান্তিক পরিণতিতে প্রাণ গেল শিশু কন্যার। বৃহস্পতিবার সকালে অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারাল ছোট্ট শিশু। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত ইসাপুর জল ট্যাংকি মোড় এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

    পারিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম আনিসা খাতুন (৯)। তার বাড়ি রামপুর অঞ্চলের রামপুর এলাকায়। শৈশবেই পিতৃহীন হওয়া আনিসা তার মাসি ও পিসিদের কাছেই বড় হচ্ছিল। উৎসবের ছুটিতে সে ইসাপুরে দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। আর মুহুর্তেই যা ঘটে গেল তাতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, যে বাড়িটিতে আনিসা বেড়াতে এসেছিল, তার পাশের বাড়ির ছাদের ওপর দিয়েই অত্যন্ত বিপজ্জনকভাবে চলে গেছে ১১ হাজার ভোল্টের উচ্চ পরিবাহী বিদ্যুতের সংযোগ লাইন। ঘটনার সময় বাড়িতে বড় কেউ উপস্থিত ছিলেন না। সবার অলক্ষেই আনিসা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায় এবং তখনই অসাবধানতাবশত ওই হাইভোল্টেজ তারের সংস্পর্শে চলে আসে। ঘটনার জেরে তীব্র বিদ্যুতায়নের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির ছাদের উপর দিয়েই হাইভোল্টেজ বিদ্যুৎ সংযোগ যাওয়ার কারণেই এই চরম পরিনতি ঘটে গেল মুহুর্তের মধ্যেই ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ছোট্ট শিশুর এই চরম পরিনতিতে শোকের পাথর গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। বৃহস্পতিবার দুপুরেই দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
  • Link to this news (News18 বাংলা)