বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, পিংলায় প্রাইভেট টিউশন শিক্ষক গ্রেফতার
News18 বাংলা | ০৫ জুন ২০২৬
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক প্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পিংলা থানার পুলিশ। অভিযুক্ত যুবক পেশায় একজন প্রাইভেট টিউশন শিক্ষক বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার ভিত্তিতেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। তবে কিছুদিন পর অভিযুক্ত যুবক বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে।
পরিবারের দাবি, অভিযুক্তের এই সিদ্ধান্তে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তরুণীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে গতকাল রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে আদালত তদন্তের স্বার্থে তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত এখনও চলছে।
গতকালই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেম ও পরে সহবাসের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হন পুরুলিয়ায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তিনিও বিয়ে করতে চান না বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত এক আর্থিক সংস্থার শাখা ম্যানেজার। ওই সংস্থারই এক মহিলাকর্মীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুরুলিয়া সদর মহিলা থানার পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া আদালতে তাঁকে তোলা হলে, বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।