: বকেয়া স্কুল ফিকে কেন্দ্র করে শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় স্কুলের অধ্যক্ষের উপর হামলা ও হেনস্থার অভিযোগ উঠেছে এক ছাত্রের অভিভাবকদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এক ছাত্রের বকেয়া ফি জমা না হওয়ায় বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পরিবারের মধ্যে মতবিরোধ চলছিল। এদিন সেই বিষয়েই আলোচনা করতে স্কুলে আসেন ছাত্রের অভিভাবকরা। প্রথমে কথাবার্তা স্বাভাবিক থাকলেও পরে তা তর্কাতর্কিতে পরিণত হয় বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
অধ্যক্ষ শ্রীমতী ভিমা দেবী শর্মার অভিযোগ, আলোচনার এক পর্যায়ে ছাত্রের বাবা ও মা উত্তেজিত হয়ে পড়েন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, তাঁকে ধাক্কাধাক্কি করা হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। ঘটনায় তিনি আঘাতও পান বলে দাবি করেছেন।
অধ্যক্ষ আরও অভিযোগ করেছেন, গোলমালের সময় তাঁর গলায় থাকা মঙ্গলসূত্র ছিঁড়ে যায়। পাশাপাশি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্কুলের অন্যান্য কর্মী ও শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে অধ্যক্ষ প্রধাননগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং স্কুলের সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বক্তব্যও নেওয়া হবে। তদন্তের পরই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে শিক্ষা মহলেও আলোচনা শুরু হয়েছে।