পাটের জমিতে লুকিয়ে ২ দিন! পুলিশ ভ্যান থেকে ঝাঁপ দিয়ে পলাতক দুষ্কৃতী অবশেষে জালে
প্রতিদিন | ০৫ জুন ২০২৬
অবশেষে মিলল স্বস্তি। পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পলাতক মাদক মামলায় অভিযুক্ত দুষ্কৃতীকে অবশেষে পাকড়াও করল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে পাটের জমিতে লুকিয়ে ছিল সে। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে রানিনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া লক্ষ্মীনারায়ণপুর এলাকার পাটের জমি থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
ওই দুষ্কৃতীর নাম জাকির শেখ (৩০)। তার বাড়ি কাহারপাড়ায়। মাদক মামলায় আগেই তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে সে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রচুর বাহিনী এনে তল্লাশি শুরু করে পুলিশ। এই ঘটনায় বিএসএফকেও সতর্ক করা হয়। এরপর তল্লাশি শুরু করে বিএসএফ জওয়ানরাও। গত মঙ্গলবার থেকে রাত দিন এক করে এলাকার বিভিন্ন মাঠে তল্লাশি শুরু করে পুলিশ ও বিএসএফ। অবশেষে বৃহস্পতিবার দুপুরের দিকে পাটের জমিতে লুকিয়ে থাকা অবস্থায় জাকিরকে পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, আগামী শনিবার ৬ জুন তাকে আদালতে তোলার দিন ধার্য রয়েছে সেদিনই জাকিরকে আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালের দিকে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মাদক মামলায় অভিযুক্ত জাকির শেখকেও রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর অভিযুক্তদের গাড়িতে তুলে থানায় ফিরছিলেন পুলিশ কর্মীরা। গাড়িটি হাসপাতাল চত্বর থেকে রাস্তায় উঠতেই অন্য অভিযুক্তের থেকে হাতকড়া বিচ্ছিন্ন করে গাড়ির দরজা খুলে ঝাঁপ দেয় জাকির। পুলিশের কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তারপর থেকে দু’ধিন ধরে তল্লাশি চালিয়েও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু হাল ছেড়ে দেয়নি পুলিশ ও বিএসএফ। রাতদিন ২৪ ঘণ্টা মাঠে মাঠে চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে পাটের জমি থেকে অবশেষে তাকে পাকড়াও করা হয়।