এ তো সর্ষের মধ্যেই ভূত! চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা! পোস্ট অফিসেই ধরা পড়ল প্রতারণার জাল! মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিকে দুর্দান্ত নম্বর-সহ পাশ করিয়ে পোস্ট অফিসে চাকরির স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়, যখন প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে ভুক্তভোগীরাই। অভিযোগ, মুক্ত বিদ্যালয় থেকে পড়াশোনা করিয়ে মাধ্যমিকে ভাল নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হত। এরপর পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন যুবক-যুবতীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়। প্রতারকরা নিজেদের প্রভাব বাড়াতে পোস্ট অফিসের এক কর্মীকে সামনে রেখে বিশ্বাস অর্জন করত বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ ‘অন্নপূর্ণা যোজনা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ৩ জুন কোনও টাকাই অ্যাকাউন্টে পাননি! আগামী ৭ দিনে পাবেন? স্ট্যাটাস জানুন এক ক্লিকে
এদিন প্রতারিত কয়েকজন সরাসরি জলপাইগুড়ি হেড পোস্ট অফিসে এসে অভিযুক্তদের মুখোমুখি হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেখানেই তাদের ধরে ফেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
পোস্ট অফিসের এক কর্মী জানান, বেশ কিছুদিন ধরেই এ ধরনের অভিযোগ তাদের কানে আসছিল। অভিযুক্ত শুভময় সরকার ও তার ভাই নাকি বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা মাধ্যমিকে ভাল ফল করিয়ে পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেবে। অন্য এক কর্মী অভিনন্দন ভট্টাচার্য বলেন, “যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারাই এসে অভিযোগ করেন। এরপরই আমরা হাতেনাতে ধরে পুলিশে তুলে দিই। পুরো ঘটনার সঠিক তদন্ত হলে আরও তথ্য সামনে আসবে।” যদিও হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি জানান, পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন।ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কতজন এর শিকার হয়েছেন, আর কত বড় চক্র কাজ করছে তা খতিয়ে দেখছে পুলিশ।