• সরকারি শিক্ষকদের হুঁশিয়ারি শিক্ষা দপ্তরের
    আজকাল | ০৫ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিক্ষার অধিকার আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে সরকারি স্কুল শিক্ষকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার এক নোটিশ জারি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)-এর তরফে নোটিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    নোটিশে অভিযোগ করা হয়েছে, একাধিক সরকারি স্কুলের শিক্ষক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর ধারা ২৮ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে ব্যক্তিগত টিউশন বা প্রাইভেট কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

    দাবি করা হচ্ছে, কিছু শিক্ষক শিক্ষার্থীদের নম্বর বা মূল্যায়নের ভয় দেখিয়ে তাঁদের প্রাইভেট টিউশনে যেতে বাধ্য করছেন। এর ফলে শুধু ছাত্রছাত্রীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বৈধভাবে টিউশন করানো বেসরকারি শিক্ষকরাও জীবিকার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ছেন।

    উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, কোনও স্কুলে কর্মরত শিক্ষক বা শিক্ষিকা কোনওভাবেই ব্যক্তিগত টিউশন বা ব্যক্তিগত শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

    এটি আরটিই আইনের ধারা ২৮-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই জারি করা হয়েছিল। এছাড়াও, ২০১৮ সালের ৮ মার্চ স্কুল শিক্ষা দপ্তরের জারি করা আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনও শিক্ষক ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোনও ধরনের প্রাইভেট টিউশনে যুক্ত হতে পারবেন না।

    তবে যে প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত তারা যদি  কোনও কোচিং বা অতিরিক্ত শিক্ষাসহায়ক কর্মসূচি আয়োজন করে সেখানে তিনি যোগ দিতে পারেন। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)