• শহরে বৃষ্টির ঝোড়ো ব্যাটিংয়ে বাউন্ডারি পার গরম! দক্ষিণবঙ্গের ৮ জেলায় অরেঞ্জ অ্যালার্ট
    এই সময় | ০৫ জুন ২০২৬
  • ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে থাকা দক্ষিণবঙ্গে অবশেষে নামল বৃষ্টি। শুক্রের ভোরেই ঝড় সঙ্গে নিয়ে বৃষ্টির পাওয়ার প্লে-এর জেরে গরম আপাতত বাউন্ডারি পার। সাতসকালেই কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা ভিজল বৃষ্টিতে। সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। ভোরের এই বৃষ্টিতে খানিক স্বস্তি ফিরেছে শহরে। সকালের মেঘলা আকাশ ইঙ্গিত দিচ্ছে, দিনভর এমনই থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া। তবে ভোরে ঝোড়ো হাওয়ার কারণে সল্টলেকে গাছ ভেঙে আহত হলেন এক পথচারী।

    এ দিকে তীব্র গরমের অস্বস্তি কাটিয়ে অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৮টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। শুক্রবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়বৃষ্টির জেরে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

    এ দিন সকাল থেকেই কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। সকালের ঝড়ে সল্টলেক এলাকায় গাড়ির উপরে একটি গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। তাতে এক পথচারী আহত হয়েছেন বলে দাবি স্থানীয়দের। গাছটি সরানোর জন্য কাজ করছেন পুরসভার কর্মীরা আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মহানগরীর একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে বর্ষার বৃষ্টি শুরু না হওয়ায় ফের গরমের ফেরার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

    আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে শুক্রবার এবং রবিবার ঝড়বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। শনিবার বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কিছুটা কম থাকতে পারে।

    যে ৮টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেগুলি হলো:

    এই জেলাগুলিতে ঘন ঘন বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনায় উত্তরভাগেও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে শুক্রবার ও রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। শনিবার তুলনামূলকভাবে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকতে পারে।

    এদিকে, গত ৪ জুন কেরালায় আনুষ্ঠানিকভাবে বর্ষা (দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু) প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গভীর রাতে এই মৌসুমি বায়ু লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর কিছু অংশেও নিজেদের বিস্তার ঘটিয়েছে, যা আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যে বর্ষা আসার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

    সতর্কবার্তা: ঝড়-বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার এবং প্রয়োজনে খোলা আকাশ বা গাছের তলায় আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)