• ভোল বদলে যাবে মন্দারমণির, তৈরি হবে গভীর সমুদ্র বন্দর! শুভেন্দুর ঘোষণায় দারুণ খুশি দাদনপাত্রবাড়
    News18 বাংলা | ০৫ জুন ২০২৬
  • মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিকবার তাঁর মুখে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনার কথা শোনা গিয়েছিল৷ যদিও শেষ পর্যন্ত সেই কাজ বিশেষ এগোয়নি৷

    বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাজপুরে নয়, সেখান থেকে ১০ কিলোমিটার দূরে মন্দারমণির দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর গড়ে তোলা হবে৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই দারুণ খুশি দাদনপাত্রবাড়ের বাসিন্দারা৷

    মুখ্যমন্ত্রী মন্দারমণির দাদনপাত্রবাড়ে যে ১৭০০ একর জায়গায় গভীর সমুদ্র বন্দর তৈরির কথা জানিয়েছেন, একসময়ে সেখানে লবণ উৎপাদন কেন্দ্র ছিল৷ বর্তমানে তা বন্ধ হয়ে পরিত্যক্ত হিসেবেই পড়ে রয়েছে জায়গাটি। সরকারি প্রায় ১৭০০ একর অধিকৃত জায়গায় জল জমে জলাভূমি হয়ে রয়েছে। সেখানেই মাছ ও কাঁকড়া ধরেন স্থানীয় বাসিন্দারা। সেই জায়গাতেই এবার বন্দর তৈরি হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    এর আগে পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুরে বন্দরের ঘোষণা করেছিলেন। কিন্তু জমির অভাব এবং পরিকল্পনার অভাবে সেই কাজ বন্ধই হয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তাজপুরে জায়গা না থাকায় বন্দর তৈরির কাজ থমকে ছিল। কাঁথি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে সমুদ্র লাগোয়া বেঙ্গল এস্টেটর প্রায় ১৭০০ একর জায়গা সরকার অধিকৃত জমি রয়েছে। সেই জায়গায় গড়ে উঠবে সমুদ্র বন্দর। এই এলাকাতেই বাস মৎস্যজীবীদের। তাদের বক্তব্য, সরকারি উদ্যোগে বন্দর গড়ে উঠলে এলাকার উন্নয়ন ঘটবে।

    সেই সঙ্গে সরকারের কাছে তাদের অনুরোধ, মৎস্যজীবী পরিবার যাঁরা রয়েছেন তাঁদের জন্য বিকল্প মাছ ধরার জায়গার ব্যবস্থা করে দিলে ভাল হয়।
  • Link to this news (News18 বাংলা)