• আটক ছেলে, শওকতের 'রাজপ্রাসাদ'-এ ঢুকতে দেওয়া হল না স্ত্রী-মেয়েকে, কোথায় তৃণমূল নেতা?
    আজ তক | ০৫ জুন ২০২৬
  • নিজেদের বাড়ি থুড়ি 'রাজপ্রাসাদ'-এ ঢুকতেই পারলেন না শওকত মোল্লার স্ত্রী ও মেয়ে। ভোটের আগে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা়র তদন্তে বৃহস্পতিবার দিনভর তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দেয় NIA। তবে বাড়িতে পাওয়া যায়নি শওকতকে। তাঁর জীবনতলার বাড়ির পাশাপাশি ছেলেকে নিয়ে 'অরণ্যকূল' নামে ক্যাফেতেও তল্লাশি চালানো হয়। মৌখালি এলাকাতেও ঘোরে NIA টিম। তবে হদিশ মেলেনি তৃণমূল নেতার। এদিকে, তাঁর স্ত্রী ও মেয়েকে বাড়িতে প্রবেশ করতেই দেওয়া হয়নি। শওকত কোথায়? প্রশ্ন শুনে কী বললেন তাঁরা? 

     চারদিকে ভেরি তার মাঝে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ঝাঁ চকচকে ক্যাফে। নাম 'অরণ্যকূল'। ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছয় NIA টিম। পরে আটকও করা হয় ইমরানকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে যেখানে ক্যাফে রয়েছে, সেটা আগে নদী ছিল৷ বেআইনিভাবে তা ভরিয়ে নির্মাণ করা হয়েছে ওই ক্যাফে। শওকতের বিরুদ্ধে মাছ চুরি করেই বিশাল সম্পত্তি বানানোর অভিযোগ তোলেন স্থানীয়েরা৷

    পাশাপাশি ভাঙড় থানার নলমুড়ি এলাকায় অ্যাম্বুল্যান্স চালক সুরাজ মোল্লার বাড়িতেও যায় NIA।  বোমা বাঁধার সঙ্গে যুক্ত উত্তর কাশীপুর থানার রঘুনাথপুর গ্রামের এক যুবকের বাড়িতেও হানা দেন আধিকারিকরা।  এই বোমা বাঁধার কাজে মূল মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে অহিদুল ইসলামকে। প্রায় ৪ ঘণ্টা সমস্ত এলাকা তল্লাশির পর বিজয়গঞ্জ বাজার থানায় পৌঁছন তাঁরা। বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। তবে ফেরার শওকত। 

    এদিন জীবনতলার পেল্লায় বাড়িতে নিজেদের গাড়িতে এসে পৌঁছন শওকত মোল্লার স্ত্রী সায়ের বানু এবং মেয়ে শাবানা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। শওকত কোথায় জানতে চাওয়া হলে স্ত্রী বলেন, 'আমার খুব শরীর খারাপ। ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ছেলে ফোন করে বলল বাড়িতে NIA এসেছে। ওরা ডেকে পাঠিয়েছে তাই এসেছি। আমি জানি না শওকত কোথায়। ও বাড়িতে নেই।' মেয়ে শাবানা বলেন, 'বাবা কাল থেকে বাড়িতে নেই, জানি না কোথায়। ওরা কেন এসেছে, তা-ও জানা নেই। আমাদের কোনও নোটিশ দেওয়া হয়নি।'

    জীবনতলার বাড়িতে এদিন প্রবেশ করতে গেলে তাঁদের আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। বলা হয়, 'অর্ডার আছে, কেউ বাইরে থেকে বাড়িতে ঢুকতে পারবে না, কেউ ভিতর থেকে বাইরে বেরোতেও পারবে না।' মেয়ে শাবানা তখন প্রশ্ন করেন, 'আমাদের আসতে বলা হয়েছে, আমরা কোথায় বসব? দরজা খুলে দিন, আমরা দরজার সামনেই বসি।' তবে গেট খোলেনি। বাধ্য হয়ে গাড়িতেই বসেন তাঁরা। 

    উল্লেখ্য, শওকত নামে চাষের জমি কয়েক একর। সোনা-দানাও নেহাত কম নয়। স্ত্রী-র নামেও অগাধ সম্পত্তি।  তৃণমূল প্রার্থী যে বাড়িতে থাকেন তার বাজারদর ৩৬ লক্ষ টাকা।
     

     
  • Link to this news (আজ তক)