TMC নেতার কোয়ার্টার থেকে ত্রাণের প্রচুর কম্বল, ত্রিপল উদ্ধারের অভিযোগ, জামুড়িয়ায় উত্তেজনা
আজ তক | ০৫ জুন ২০২৬
ফের সাধারণ মানুষের ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত করে রাখার অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। আসলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) কোয়ার্টার থেকে বিপুল পরিমাণ ত্রাণ ও রেশন উদ্ধার হয়। আর এই কোয়ার্টারটি তৃণমূল কংগ্রেস নেতা তথা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংহের দখলে ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। আর এই ঘটনা সামনে আসার পর ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, চলতি বিধানসভা নির্বাচনে খারাপ ফল করে তৃণমূল কংগ্রেস। সরকার গড়ে বিজেপি। এই পরিবর্তনের আবহে উদীপ সিংহ জামুড়িয়ার পারাসিয়া এলাকার দু'টি ইসিএল কোয়ার্টার ছেড়ে দেন। পরিবার-সহ অন্যত্র চলে যান। এরপর এলাকার বিজেপি নেতাদের কাছে খবর আসে যে ওই নেতার একটি কোয়ার্টারে বিপুল পরিমাণে সরকারি ত্রাণসামগ্রী মজুত রয়েছে।
এই খবর পেতেই শুরু হয় অ্যাকশন। দ্রুত বিজেপি কর্মীরা ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোলিয়ারি আধিকারিক, জামুড়িয়া থানার অধীন কেন্ডা পুলিশ ফাঁড়ির পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তালা বন্ধ থাকা কোয়ার্টারটির দরজা খোলা হয়। আর সেটা খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে উপস্থিত সকলের!
বিজেপি নেতা ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোয়ার্টারের ভিতর থেকে শতাধিক কম্বল থেকে শুরু করে ত্রিপল, পোশাক, রেশনের চাল-গমসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। এগুলি সবই দরিদ্র মানুষকে দেওয়ার কথা। কিন্তু তা না দিয়ে এই তৃণমূল নেতার বাড়িতেই মজুত ছিল।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। পাশাপাশি তাঁরা উদীপ সিংহকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ইতিমধ্যেই পুলিশ উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে। তারপর পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এহেন অভিযোগ নিয়ে তৃণমূল নেতা উদীপের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
মাথায় রাখতে হবে, বিজেপি সহ প্রায় প্রতিটি বিরোধী দলই দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ করে আসছে। তবে তৃণমূল সরকার সেই দিকে তেমন একটা আমল দেয়নি বলেই অভিযোগ। এবার রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে মিলছে ত্রাণের সামগ্রী। ইতিমধ্যেই ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতারও হয়েছেন একাধিক নেতা থেকে কাউন্সিলর। আর এই লিস্ট প্রতিদিনই বাড়ছে।