• এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
    প্রতিদিন | ০৫ জুন ২০২৬
  • তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের সময় বোমাবাজির অভিযোগ। এবার এনআইএর জালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

    তমলুক-ঘাটাল কার্ড ব্যাঙ্ক নির্বাচনের দিন নন্দীগ্রামের কাঞ্চননগর দিদারউদ্দিন হাই স্কুলের সামনে ব্যাপক বোমাবাজি হয়। মুড়ি-মুড়কির মতো পড়েছিল বোমা। আহত হয়েছিলেন বিজেপির বেশ কয়েকজন নেতা ও কর্মী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার ভয়াবহতা বিচার করে তদন্তভার দেওয়া হয় এনআইএর হাতে। ওই ঘটনায় দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের নজরে ছিলেন দাউদপুরের বাসিন্দা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম।

    দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চালানো হলেও বাগে পাচ্ছিলেন না এনআইএ আধিকারিকরা। বৃহস্পতিবার গোপন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। রাতেই গ্রেপ্তার হয় শামসুল ইসলামকে। আজ, শুক্রবার তাঁকে তোলা হবে হলদিয়া আদালতে। জানা যাচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজেও চলছে তল্লাশি। ধৃতকে জেরা করলে এই সংক্রান্ত একাধিক তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, শুধুমাত্র বোমাবাজি নয়, ধৃতের বিরুদ্ধে আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। স্থানীয়দের তাঁর বিরুদ্ধে ক্ষোভ দীর্ঘদিনের। পালাবদল হতেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে আমজনতা। দিকে দিকে গ্রেপ্তার হচ্ছেন মমতার নেতারা। এবার তালিকায় শামসুল।
  • Link to this news (প্রতিদিন)