নয়াদিল্লি: সিন্ডিকেট ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। অস্থায়ী ব্যাংক অ্যাটেনড্যান্ট পদের জন্য। বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র দশম শ্রেণি পাশের উল্লেখ ছিল। তা সত্ত্বেও আবেদনের সময় নিজের স্নাতক হওয়ার কথা গোপন করে সেই চাকরি পেয়ে যান এক প্রার্থী। সম্প্রতি সেই নিয়োগের বিরুদ্ধে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে, ওই নিয়োগ বৈধ নয়। প্রার্থীর পক্ষে জারি হওয়া মাদ্রাজ হাইকোর্টের নির্দেশও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। বিচারপতিদ্বয় বলেছেন, নিম্ন যোগ্যতার প্রার্থীদের জন্য নির্ধারিত চাকরিতে উচ্চতর ডিগ্রিধারীদের নির্বাচিত করা যায় না। কেউ উচ্চশিক্ষা গোপন করছেন মানে ওই পদের জন্য সত্যিকারের দাবিদারদের সুযোগ হাতছাড়া হচ্ছে। এটা সঠিক নয়। এর ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়।
সুপ্রিম কোর্ট আরও বলেছে, সরকার স্বচ্ছ নিয়োগকারীর ভূমিকা পালন করবে বলেই সবাই প্রত্যাশা করে। কিছু চাকরি কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য নির্ধারিত থাকে, যাতে তাঁরা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। সেই পদে উচ্চতর ডিগ্রিধারীরা আবেদন করলে বাস্তবে যাঁদের জন্য ওই পদের বিজ্ঞপ্তি, তাঁদের সুযোগ কমে যায়। নিয়োগের বিজ্ঞপ্তিতে লিখিত নিয়ম মেনেই সরকারি চাকরিতে প্রার্থী বাছাই করতে হবে। উচ্চতর ডিগ্রি থাকাটা নিম্ন যোগ্যতার পদে আবেদনের অধিকার দেয় না।