• টলিপাড়ায় অশান্তি ‘বহিরাগত’ হামলা! তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ
    বর্তমান | ০৫ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।‌‌ বৃহস্পতিবার সন্ধেয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস-এর সভাপতি স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানা। তাঁর বিরুদ্ধে স্টুডিয়োপাড়ায় গিল্ডের তরফে অভিযোগ জমা পড়ে। সেখানে উল্লেখ করা হয়, টালিগঞ্জে স্টুডিওপাড়ায় প্রযোজনা, কলাকুশলীদের কাজ সহ সব বিষয়েই স্বরূপকে মোটা টাকা দিতে হত। তা না হলে, কাজ করার সুযোগ মিলত না। এই অভিযোগের ভিত্তিতে নিউআলিপুর থানা তোলাবাজির মামলা রুজু করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রোমোটারির অভিযোগ রয়েছে। স্বরূপের বিরুদ্ধে টলিপাড়ার লোকজন শ্লীলতাহানিরও অভিযোগ এনেছেন।টলিপাড়ার অশান্তি কিছুতেই কাটছে না। বৃহস্পতিবার কলাকুশলীদের একটি বৈঠকে দুই ‘পক্ষে’র মধ্যে বচসা বাধে। অভিযোগ, এক পক্ষ অন্য পক্ষকে ডিম, ইট ছুড়ে মারেন। এমনকি ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। বুধবার টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী ফেডারেশন তুলে দেওয়ার কথা বলেন। অভিযোগ, সেই বৈঠকের মাঝেই ঝামেলা হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশও আসে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। যদিও পরে ওই কলাকুশলীরা নন্দনে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁদের চিঠি দেন। বিধায়ক রুদ্রনীল ঘোষের সঙ্গে কথাও বলেন। 

    সূত্রের খবর, এদিন সকালের দিকে প্রায় শ-পাঁচেক কলাকুশলী টেকনিশিয়ানস স্টুডিওয়োতে জমায়েত করেন। এক গিল্ড সদস্যের কথায়, আমরা শুনছি যে ফেডারেশন তুলে দেওয়া হবে। তাহলে আমাদের কী হবে? এই নিয়েই আমরা আলোচনা করে কিছু প্রস্তাব সরকারের কাছে রাখতে চাই। সেই নিয়েই বৈঠকে বসেছিলাম। আমরাও তো দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হয়েছি। হঠাত্ দেখি কয়েকজন টেকনিশিয়ানস স্টুডিয়োর বাইরে ভিড় করছেন। আমরা সেইসময় পাশে ভরাট মাঠে চলে যাই। আলোচনা চলার সময়ই ওই বহিরাগতরা আমাদের ‘চোর’ বলা শুরু করেন। ডিম, ইট ছুড়তে থাকেন। আমাদের এক হেয়ার ড্রেসার গুরুতর অসুস্থও হয়ে পড়েন। ওই সদস্যের দাবি, গিল্ডের এক সদস্য এক হেয়ার ড্রেসার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

    এই প্রসঙ্গে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী বলেন, ‘এখানে আর কাটমানির কোনো ব্যাপার নেই। স্বাধীনতার ৭৫ বছর বাদে ডাবল ইঞ্জিন সরকার হয়েছে। আমরা নতুন জিনিস নেব না? যারা বোঝেনি, তাঁরা গোলমাল করছেন। কোনো গিল্ড ভাঙা হবে না। আগে ফেডারেশন ছিল, এখন কনফেডারেশন হবে। অনেক বড়ো ছাতার তলায় আনা হবে। আমাদের অপেক্ষা করতে হবে।’ 

    এদিন পাপিয়াদেবী প্রযোজকদের সঙ্গে বৈঠক করেন। কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর রুদ্রনীল ঘোষ বলেন, ‘কলাকুশলীদের বড়ো অংশ মুখ্যমন্ত্রীকে আবেদন করবেন বলে এক জায়গায় এসেছিলেন। কিছু বাইরের লোকজন এসে বিশৃঙ্খলা করেন, এগুলো দুর্ভাগ্যজনক। তাঁরা যখন ওখানে পারেননি, নন্দনে তাঁরা চিঠির প্রতিলিপি জমা দেন। আমি মুখ্যমন্ত্রীর বার্তা জানাতে এসেছি। তিনি চান, অন্যান্য বিভাগের মতো সংস্কৃতি জগত্ও সুন্দরভাবে চলুক। মতান্তর থাকতেই পারে, কিন্তু সেটা যেন পূর্বের সরকারের মতো জাঁতাকলে ফেলার পরিস্থিতি না-হয়।’
  • Link to this news (বর্তমান)